মাদারীপুরে একটি জুট মিলের ২ কোটি টাকার পাট ২ লাখ টাকায় বিক্রি
বন্ধ হয়ে যাওয়া মাদারীপুর এ আর হাওলাদার জুট মিল লিমিটেডের ৪টি গুদামে রক্ষিত প্রায় ২৬ হাজার মন পাট জলের দরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সোনালী ব্যাংক মতিঝিল শাখায় বন্ধকীকৃত এ পাট মন প্রতি ৮ টাকা ১৩ পয়সা দরে বিক্রি করা হয়েছে। ফলে বাজার মূল্য অনুযায়ী ২ কোটি টাকার পাটের দাম পাওয়া গেছে মাত্র ২ লাখ ১০ হাজার টাকা।
সূত্র জানায়, মালিক-শ্রমিক দ্বন্ধের জের ধরে জুট মিলটি ১৯৯১ সালে বন্ধ হয়ে যায়। পরে ঐ বছরেই মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে সোনালী ব্যাংকের ঢাকার মতিঝিল শাখায় বন্ধকী রাখার শর্তে ৪ কোটি টাকা ঋণ নিয়ে মিলটি পুনরায় চালু করা হয়।
কিন্তু একই বছরের শেষের দিকে মিলটি আবার বন্ধ হয়ে গেলে প্রায় ১ হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। ঐ সময়ে মিলটির গুদামে ২৬ হাজার মন কাঁচা পাট মজুদ ছিল।
ইতোমধ্যে পূর্বের ঋণসহ ব্যাংকের ঋণের পরিমান প্রায় ৯৮ কোটি ১০ লাখ টাকা হয়ে গেলে ব্যাংক ঐ মিলের নামে একটি মামলা দায়ের করে। আদালত ঋনের টাকা উসুলের জন্য ব্যাংককে মজুদকৃত পাট বিক্রির অনুমোদন দেয়।
ব্যাংক কর্তৃপক্ষ আদালতের নির্দেশ মোতাবেক ২০০৪-এর ২৬ জুলাই একটি জাতীয় দৈনিকে মিলের কাঁচা পাট বিক্রির টেণ্ডার আহবান করে। নভেম্বরের শেষের দিকে মিলের ব্যবস্থাপক ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় মজুদকৃত কাঁচা পাট, সর্বোচ্চ দরদাতা হিসেবে, কিনে নেয়।
শুভংকরের ফাঁকি এখানেই, কারণ ঐ ’সর্বোচ্চ’ দরদাতা আসলে জলের দরে মজুদকৃত কাঁচা পাট কিনে নেয়, যা বাজার মূল্যের চেয়ে অনেক অনেক কম।
এ ব্যাপারে মিলের এমডি কাওসার আহমেদ হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, একটি মহল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এ অপপ্রচার চালাচ্ছে।
