কাঁচা পাট ও কেনাফ থেকে কাগজের মণ্ড তৈরি প্রকল্প দ্রুত বাস্তবায়নে টাস্কফোর্স গঠনের প্রস্তাব
পাট ও বস্ত্র মন্ত্রী শাজাহান সিরাজ রোববার কাঁচা পাট ও কেনাফ থেকে কাগজের মণ্ড তৈরি প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন।
“বায়োটেকনোলজিক্যাল এনজাইম প্রয়োগের মাধ্যমে সবুজ পাট/কেনাফ হতে কাগজের মণ্ড তৈরি” শীর্ষক এক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের পাটজাত পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের সামগ্রিক সামাজিক-অর্থনৈতিক চিত্রের পরিবর্তন আনা যেতে পারে।
ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের (আইজেএসজি) সহায়তায় জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রস্তাবিত টা¯কফোর্স প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
পাট ও বস্ত্র সচিব ব্যারিস্টার এম হায়দার আলী কর্মশালায় সভাপতিত্ব করেন। আইজেএসজি’র মহাসচিব টি নন্দ কুমার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
