২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা শিল্পনগরী: ২০ বছরেও কোনও শিল্প-কারখানা গড়ে উঠেনি

গাইবান্ধা বিসিক শিল্পনগরীতে গত বিশ বছরেও উল্লেখ যোগ্য কোনও শিল্প-কারখানা গড়ে উঠেনি। যে কয়টি গড়ে উঠেছে মূলধনের অভাবে তাও চলছে ধীর গতিতে। ফলে জেলার ব্যবসা-বানিজ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

যথেষ্ট সুযোগ-সুবিধা থাকা সত্বেও স্থানীয় উদ্যোক্তারা বিসিক শিল্পনগরীতে কোনও কল-কারখানা স্থাপনে আগ্রহী হচ্ছে না। তারা বলছে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বাজারজাতকরণের সমস্যা ও নিরাপত্তার অভাবে এ নগরীতে কল-কারখানা স্থাপনে ঝুঁকি অনেক।

অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা-রংপুর মহাসড়ক থেকে গাইবান্ধা শহর ২০ কিঃমিঃ দূরে অবস্থিত হওয়ায় এটি একটি পকেট শহরে পরিণত হয়েছে। সহজ যোগাযোগের মাধ্যম কেবল রেল ও নৌপথ, কিন্তু যমুনা সেতু চালু হওয়ায় যেমন রেলের গুরুত্ব কমে গেছে, তেমনি নদী ভাঙ্গনের কারণে দেশের একমাত্র রেলওয়ে ফেরিঘাট বালাসী হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে।

ফলে সড়ক পথই গাইবান্ধা ও দেশের অন্যান্য জেলার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম। এসব কারণে গাইবান্ধা শিল্পনগরীতে কাঁচামাল আমদানী ও উৎপাদিত মালামাল বাজারজাতকরণে পরিবহণ খরচ বেশি পড়ছে। এমনকি স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী বিভিন্ন জেলায় রফতানী করে উৎপাদন খরচই উঠছে না।

এক সময় নৌপথে ব্যবসা-বানিজ্যের জন্য গাইবান্ধা বিখ্যাত ছিল। এতে পরিবহণ খরচ পড়তো খুবই কম, কিন্তু বর্তমানে নদী ভরাট হয়ে যাওয়ায় এই পরিবহণ সুবিধা বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ব্যবসা-বানিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। এছাড়া এখানে শিল্পোন্নয়নে সরকার ও উদ্যোক্তাদের তরফ থেকে বিশেষ কোনও কর্মসূচীও নেই।