টেলিটকের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি
বিটিটিবির মোবাইল ফোনের নাম পরিবর্তন করে লাইসেন্স প্রদান কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে কারণ দর্শানোর জন্য হাইকোর্ট একটি রুল জারি করেছেন।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী আট সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
আবু সাঈদ খান ও এইচএম ইয়াওয়াব সাঈদ কর্তৃক বাংলাদেশ তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, টেলিটক, মোবাইল ফোন প্রকল্পসহ ১৫টি সরকারি সংস্থা ও কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনের ভিত্তিতে এ নির্দেশ দেয়া হয়।
পিটিশনে উল্লেখ করা হয়, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে এর দায়িত্ব দেওয়ার কথা থাকলেও বিটিআরসি’র নীতিমালা ভঙ্গ করে বিটিটিবি মোবাইল প্রকল্পের নাম টেলিটক বাংলাদেশ লিমিটেড করা হয়েছে।
এতে বলা হয়, টেলিটকের সাত কোম্পানি শেয়ারহোল্ডার সরকারি কর্মকর্তা হওয়ায় বিটিটিবি’র যন্ত্রপাতির মালিক হতে পারেন না।
