সমুদ্রে ওয়েল ট্যাংকার চলাচলে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের কারণে এম এস রডের দাম কমতে পারে
এপ্রিলের ৫ তারিখ থেকে সমুদ্রে এক স্তরবিশিষ্ট স্টিলের ওয়েল ট্যাংকার চলাচলের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা জারি করার একটি ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় রড উৎপাদনে। এর ফলে মাইল্ড স্টীল (এমএস) রডের দাম কমবে বলে আশা করা যায়।
২০০২ সালের নভেম্বর মাসে ৭ হাজার ৭শ’ টন জ্বালানি তেল নিয়ে স্পেনের উপকূলে একটি এক স্তরবিশিষ্ট স্টিলের জাহাজ ডুবে যাওয়ার পর জাহাজ দূষণ রোধে জাতিসংঘের আর্ন্তুজাতিক কনভেনশনে এ সংশোধন আনা হয়।
জাহাজের মালিকদের এ বছরের মধ্যে ১৬৯টি ট্যাংকার ভেঙে ফেলতে হবে। এই পরিমান জাহাজ ভাঙা থেকে ৬ দশমিক ৯ মিলিয়ন টন রড উৎপাদিত হতে পারে, যা সর্বমোট বৈশ্বিক উৎপাদন ক্ষমতার ২ দশমিক ১ শতাংশ।
লন্ডন ভিত্তিক জাহাজ ভাঙার একটি প্রতিষ্ঠান ইএ গিবসন জানিয়েছে, ২০১০ সালের মধ্যে ১৪০২ টি ওয়েল ট্যাংকার জাহাজ ভেঙে ফেলতে হবে যা দিয়ে ১০৪ দশমিক ৬ মিলিয়ন টন রড উৎপাদিত হবে।
জাতিসংঘের নিয়মের অধীনে এসব জাহাজের বেশিরভাগই ভারত ও বাংলাদেশের উপকূলে ভাঙা হবে। কেননা এই দু দেশেই পুরান জাহাজের বিরাট বাজার রয়েছে।
জাতিসংঘের নীতি সংশোধনের কারণে ২০১০ সালের মধ্যে বাংলাদেশের জাহাজ ভাঙার শিল্পের উদ্যোক্তারা ২৫ কোটি টন রড উৎপাদন করতে পারবে। বাংলাদেশে এমএস রড উৎপাদনের প্রধান উৎস হলো জাহাজ ভাঙা।
২০০৩-০৪ অর্থ বছরে এক লাখ ২০ হাজার টন ওজনের ১০০টি জাহাজ আমদানি করা হয়। ২০০২-০৩ অর্থ বছরে আমদানি করা হয় ১১ লাখ ৭২ হাজার ৩৩৯ দশমিক ৫৩ টন এবং ২০০১-০২ অর্থ বছরে ১৭ লাখ ৬১ হাজার ৭৬২ টন।
তবে জাহাজ ভাঙার সাথে সংশ্লিষ্টরা জাতিসংঘের জাহাজ দূষণ সংক্রান্ত নীতি সংশোধনে খুশী নয়। অন্যদিকে এ সিদ্ধান্তে হাফ ছেড়ে বেঁচেছে স্টিল মিল ও রি-রোলিং মিলের মালিকরা।
আল-মুকিদ্দেম স্টীল মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম জাতিসংঘের নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন। তিনি অভিযোগ করেন যে জাহাজ ভাঙার সাথে সংশ্লিষ্টরা স্টীল ও রডের দাম নির্ধারণের নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল।
বাংলাদেশ স্টিলস মিলস এসোসিয়েশন ও রি-রোলিং মিলস এসোসিয়েশনের মহাসচিব শেখ মাসাদুল বলেন, “জাহাজের গোলাকার ও ফ্লাট বার থেকে উৎপাদিত রড গত সপ্তাহ পর্যন্ত আমরা কিনতাম ২৮ হাজার টাকায় হঠাৎ গত বুধবার থেকে জাহাজ ভাঙার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো রডের দাম বাড়িয়ে দেয় ৩১ হাজার টাকা।”
পিএইচপি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীন বলেন, “আমরা যদি জাতিসংঘের নীতি প্রত্যাখান করি তাহলে তারা কি করবে? আমরা জাহাজ ভাঙা বন্ধ করে দেবো।”
তার অবস্থানকে স্পষ্ট করতে গিয়ে তিনি আরও বলেন প্রতি বছর তারা দশটি জাহাজ ভাঙেন। জাতিসংঘের এ নিয়ম কার্যকর হলে প্রতি বছর দ্বিগুণ পরিমান জাহাজ ভাঙতে হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মহাসচিব মহিদুল হক খানও জাতিসংঘের নতুন নিয়মের ওপর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন যদিও সিদ্ধান্তটি কারও জন্য সুযোগ তৈরি করবে কিন্তু তা উপকূলীয় অঞ্চলের পরিবেশকে আরও বিপর্যস্ত করবে।
