ঔষধ শিল্পের জন্য বিশেষ শিল্প এলাকা গড়ে তোলা হবে : বাণিজ্যমন্ত্রী
ঔষধ শিল্পের জন্য বিশেষ শিল্প এলাকা গড়ে তুলবে সরকার। বিশেষ ঔষধ শিল্প এলাকা গড়ে তোলার জন্য বন্ধ হয়ে যাওয়া আদমজী জুট মিল এবং চট্টগ্রাম স্টিল মিলের নামও প্রস্তাব করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী রোববার রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় পরিদর্শন কালে একথা জানান।
মন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) পেটেন্ট আইন কার্যকর হওয়ার পর বিশ্বব্যাপি ঔষধ শিল্পের ১৫ হাজার কোটি টাকার রপ্তানী বাজার সৃষ্টি হয়েছে। এ সুযোগ কাজে লাগানোর জন্য সরকার ঔষধ রপ্তানীকারকদের সব রকম সহায়তা দেবে।
তিনি বলেন, বিশেষ ঔষধ শিল্প এলাকা গড়ে তোলার জন্য ইতোমধ্যে উৎপাদনকারীদের কাছে সরকার আদমজী পাটকল ও চট্টগ্রাম স্টিল মিলসের নাম প্রস্তাব করেছে। উৎপাদনকারীরা চাইলে সরকার অন্যত্রও জায়গা দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি আরও উল্লেখ করেন।
বাণিজ্যমন্ত্রী ইপিবি’র কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে বলেন, প্রচলিত রপ্তানী পণ্যের ওপর নির্ভর না করে অপ্রচলিত পণ্যের রপ্তানী বৃদ্ধি করতে হবে। তিনি কৃষিজাত পণ্য ও হালাল মাংস রপ্তানী বৃদ্ধি করতে ক্র্যাশ প্রোগ্রাম নিয়েও আলোচনা করেন।
