ত্রিপুরাসহ সাতটি প্রদেশের সাথে ব্যবসা-বাণিজ্যে আখাউড়া হবে সবচেয়ে উপযুক্ত স্থল বন্দর: ভারতীয় হাই কমিশন
ভারতীয় হাই কমিশনার বীনা সিক্রি অভিমত প্রকাশ করেছেন, ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি প্রদেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগের জন্যে আখাউড়া হবে সবচেয়ে উপযুক্ত স্থল বন্দর।
তিনি সোমবার আরও জানান, বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের গোহাটি পর্যন্ত রেললাইন স্থাপন করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
বাংলাদেশে ভারতের হাই কমিশনার বীনা সিক্রির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আখাউড়া পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
আখাউড়া কাস্টমস জানায়, স্থল বন্দরের সার্বিক পরিস্থিতি দেখার জন্যে তিনি সকাল ১০ টায় সেখানে যান। এ সময় তিনি বন্দরের অবকাঠামো পর্যবেক্ষণ এবং ঢাকা-আগরতলা সড়ক পরিদর্শন করেন। পাশাপাশি কাস্টমস কর্মকর্তা, আমদানি-রপ্তানীকারক ও সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানী বাণিজ্য নিয়ে প্রায় দু ঘন্টা আলোচনা করেন।
আলোচনায় বীনা সিক্রি বলেন, ত্রিপুরাসহ সাতটি প্রদেশের আমদানি-রপ্তানী বাণিজ্যের সবচে সহজ স্থান আখাউড়া স্থল বন্দর। যোগাযোগ ব্যবস্থায় আখাউড়া বন্দর এগিয়ে আছে। শাহ, হোলসিম, আরামিট সিমেন্ট আখাউড়া বন্দর দিয়ে রপ্তানী হচ্ছে, যা অন্য কোনও বন্দর দিয়ে সম্ভব নয়।
তিনি আরও জানান, ঢাকা-আগরতলা সড়কের আখাউড়া থেকে ধরখার পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক নতুন করে উন্নয়ন করতে ভারত সরকার অর্থায়ন করবে।
প্রতিনিধি দলে আরও ছিলেন হাই কমিশনের সেক্রেটারি মিতা ভূষণ ও ত্রিপুরার শিল্প ও বাণিজ্য সচিব রাধারঞ্জন দাস।
ভারতীয় হাই কমিশনের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম কাস্টমস’র জয়েন্ট কমিশনার মো. মঈনুল হোসেন খান, আখাউড়া পৌরসভার চেয়ারম্যান মো. নুরুল হক ভূইয়া, বিডিআর এডজুডেন্ট ক্যাপ্টেন মিরাজ, আখাউড়া স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশন সভাপতি মো. মোবারক হোসেন, আমদানি-রপ্তানীকারক এসোসিয়েশন সভাপতি মো. শফিকুল ইসলাম, কাস্টমস ও ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টরা।
আখাউড়া পরিদর্শন শেষে হাই কমিশনের প্রতিনিধি দলটি ত্রিপুরা যান। সেখানে তাদের অভ্যর্থনা জানান বিএসএফ আইজি এসকে দত্ত, ত্রিপুরা কাস্টমস কমিশনার ও বিএসএফ’র ১৩১ ব্যাটালিয়ন অধিনায়ক। বিকেল ৫ টায় দলটি ব্রাহ্মনবাড়িয়া চেম্বার অব কমার্সের সঙ্গে মতবিনিময় করেন।
