বিটিটিবি মোবাইল ও বেসরকারি অপারেটরদের মধ্যে আন্ত:সংযোগ এখনও দূরের ব্যাপার
চারদিনের মধ্যে টেলিটক অনলাইনে বিটিটিবি’র মোবাইল ফরম ছাড়তে পারে বলে রোববার এক সরকারি সূত্রে জানা গেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অনলাইনে ফরম ছাড়ার ব্যাপারে নতুন তারিখ ঘোষণা করবে। তবে ব্যাংক ও টিএন্ডটি’র অফিসের মাধ্যমে ফরম বিতরণের বিষয়ে বিটিটিবি এখনও সিদ্ধান্তহীন রয়েছে।
বিটিটিবি’র মোবাইল প্রকল্প কর্তৃপক্ষ জানান, আন্ত:সংযোগের ব্যাপারে চিঠি দেওয়া হলেও বেসরকারি অপারেটররা কোনও সাড়া দেননি। তিনি বলেন, আমরা রোববার প্রত্যেক বেসরকারি মোবাইল অপারেটরকে পুনর্বার চিঠি দিয়েছি।
গ্রাহকের সুবিধার প্রয়োজনে টেলিটক ও অন্যান্য মোবাইল অপারেটরদের মধ্যে আন্ত:সংযোগ অপরিহার্য হয়ে পড়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এটি না হলে গ্রাহকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।
বিটিটিবি মোবাইলের প্রকল্প পরিচালক এম ওবায়দুল্লাহ বলেন, পরীক্ষামূলকভাবে অনলাইন সার্ভিস চালানো হচ্ছে। সোমবারের মধ্যে এটি শেষ হবে।
ওবায়দুল্লাহ বলেন, অনলাইনে ফরম বিক্রি জনগণের দুর্ভোগ ও অব্যবস্থাপনা কমাবে।
