২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী রফতানি পণ্যের জন্য চীনের ভর্তুকি ঘোষণা

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও শুক্রবার বাংলাদেশের জন্য চার দফা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা ঘোষণা করেছেন। এই সুবিধাগুলোর একটি হলো, চীন বাংলাদেশের পন্য আমদানির জন্য ভর্তুকি সুবিধা দিবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল হোটেল সোনারগাঁওয়ে সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র সাথে দেখা করতে যায়। ওই বৈঠকে জিয়াবাও এ ঘোষণা দেন।

এছাড়াও অন্যান্য বাণিজ্যিক সুুবিধার মধ্যে ব্যাংকক চুক্তি অনুযায়ী বাংলাদেশী পণ্যের শুল্ক হ্রাস ও বাংলাদেশী পণ্যের অগ্রাধিকার দেওয়া হবে।

সূত্র জানায়, চীনা প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনটি খাত বিশেষ করে হালকা ইঞ্জিনিয়ারিং, গৃহস্থালী সামগ্রিতে বিনিয়োগের জন্য চীনা উদ্যোক্তাদের ভর্তুকি দিবে।

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই দুদেশের বাণিজ্য ঘাটতির কথা তুললে ওয়েন জিয়াবাও এ ঘোষণা দেন।

ঢাকা এবং বেইজিংয়ের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমান হলো এক দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে বাংলাদেশ আমদানি করে এক দশমিক ০৮ বিলিয়ন ডলার এবং রপ্তানি করে ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে সকালে এফবিসিসিআই এবং ন্যাশনাল চেম্বার অব চীন, চাইনিজ কাউন্সিল অন প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) দুদেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলাপ-আলোচনা করে।

এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল আউয়াল মিন্টু এবং সিসিপিআইটি প্রেসিডেন্ট ওয়ান জেইফেই নিজ নিজ দলের পক্ষে নেতৃত্ব দেন।

উভয় দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে তারা তিন মাসের মধ্যে সরাসরি ঢাকা-বেইজিং ভায়া কুনমিং রুটে বিমান চলাচল এবং চট্টগ্রাম-কুনমিং ভায়া মায়ানমার রুটে সড়ক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ ব্যাপারে তারা চীন,মায়ানমার এবং বাংলাদেশের সরকারের প্রতি একটি পরিবহন চুক্তির স্বাক্ষরের আহ্বান জানান।

ব্যবসায়ী নেতারা দুদেশের ব্যবসায়ী মহলের মাঝে বছরে দুটি বৈঠক আয়োজনের আহ্বান করেন। ওয়ান জেইফেই চীন সফরে আব্দুল আউয়াল মিন্টুকে  আমন্ত্রণ জানান।