২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা জায়ান্ট জেডটিই ও দুটো প্রাইভেট অপারেটরের মধ্যে চুক্তি স্বাক্ষর

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের বাংলাদেশ সফর উপলক্ষ্যে বিশ্বের তৃত্বীয় বৃহত্তম সিডিএমএ সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন বৃহস্পতিবার ওয়ার্ল্ডটেল বাংলাদেশ ও জিইপি টেলিকম লিমিটেডের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ওয়ার্ল্ডটেল বাংলাদেশ জেডটিইর সাথে হার্ডওয়ার সরবরাহ চুক্তিতে উপনীত হয়। চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে ঢাকায় দুই লাখ টেলিফোন সংযোগের ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিইপি টেলিকম জেডটিইর সাথে দেশব্যাপী এক লাখ বিশ হাজার সংযোগ সরবরাহের ব্যাপারে ৬১ লাখ মিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে।

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে আসা বাণিজ্যিক প্রতিনিধি দলের সদস্য জেডটিইর চেয়ারম্যান হু উইগুয়ি এবং ওয়ার্ল্ডটেল বাংলাদেশের পরিচালক নাঈম এম চৌধুরী ও জিইপি টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক কাজী সেলিমুল হক এমপি অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ দুটি স্বাক্ষর করেন।

ল্যান্ড ফোনের সুইচ, মাইক্রোওয়েভ লিংক এবং ওয়্যারলেস ট্রান্সমিটার সরবরাহের মাধ্যমে স্থায়ী সংযোগ লাভকারী গ্রাহকদের জন্য লোকাল লুপ ওয়্যারলেস সার্ভিস চালু করার ব্যাপারে যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে জেটটিই সহযোগিতা দেবে।

ওয়ার্ল্ডটেল কোম্পানিকে ২০০১ সালে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন লাখ ফিক্সড লাইন ফোন স্থাপনের লাইসেন্স দেওয়া হয়। ঢাকায় বেসরকারিভাবে ল্যান্ড স্থাপনের ক্ষেত্রে এটিই  একমাত্র কোম্পানি।

জেইপি টেলিকম লিমিটেড চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ সারা দেশে তাদের সার্ভিস প্রসারিত করবে।

ওয়ার্ল্ডটেলের সাথে চুক্তি স্বাক্ষরের পর হু উইগুয়ি বলেন, কেবল স্থাপনের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হবে না। সরবরাহকারী সাথে গ্রাহকের সংযোগ স্থাপিত হবে মাইক্রোওয়েভের মাধ্যমে। বর্তমানে যে ব্যবস্থা চালু আছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস (সিডিএমএ) এর মাধ্যমে এর চেয়ে ভালো সেবা পাওয়া যাবে।

জেইপি টেলিকমের সাথে চুক্তি স্বাক্ষর সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে টেলিকম ব্যবসার ব্যাপক উন্নয়ন ঘটেছে। ভবিষ্যতে আরও মানসম্পন্ন সেবা প্রদান করতে পারব বলে আমরা আশাবাদী।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে জেডটিই’র চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন জেডটিইর ভাইস প্রেসিডেন্ট ফ্যাং রং, জেটটিইর দক্ষিণ এশিয়ার সভাপতি ঝাং রেনজুন এবং জেডটিই করপোরেশনের প্রধান প্রতিনিধি চাও সেংগাং।

বিশ্বের ৮০ টিরও বেশি দেশে জেটটিইর সিডিএমএ টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। এর আওতায় ২০ মিলিয়ন মোবাইল ফোন গ্রাহক সেবা পাচ্ছে এবং এর মধ্যে চীনে তাদের ১১ মিলিয়ন গ্রাহক রয়েছে।