২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানন্দ কুমারের উৎপাদিত আলু দেশের বাইরে রফতানি হচ্ছে

পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আদর্শ চাষী বাবু মহানন্দ কুমার রায় উচ্চ ফলনশীল জাতের আলু চাষ করে তা মধ্যপ্রাচ্যে রফতানী করার সাফল্য অর্জন করেছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 04:56 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

তার উৎপাদিত উচ্চফলনশীল আলু মধ্যপ্রাচ্যে রফতানির জন্য নাটোরের একটি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন। কেজি প্রতি সোয়া ৪ টাকা দামে গ্যানোলা ও ডায়মন্ড জাতের আলু দুবাই, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে  চুক্তিবদ্ধ সংস্থার মাধ্যমে রফতানি করা হয়। উৎপাদন খরচ বাদে এ অবস্থায় ১২ হাজার টাকা লাভ  করেছেন বলে মহানন্দ জানায়।এছাড়া বাছাইকৃত ছোট জাতের আলু বীজ হিসেবে হিমাগারে সংরক্ষণ করেন।

চলতি রবি মৌসুমে  তিনি ১৩ বিঘা জমিতে উচ্চ ফলনশীল গ্যানোলা, ডায়মন্ড ও কাটিলাল জাতের আলু চাষ করেন। এবারই প্রথম তিনি কাটিলাল একর প্রতি ১৬ মেট্রিক টন , ডায়মন্ড ১৯ মেট্রিক টন এবং গ্যানোলা ২০ মেট্রিক টন উৎপাদন করে স্থানীয় কৃষি বিভাগসহ সবাইকে তাক লাগিয়ে দেন।  

তার এই সাফল্য দেখে এলাকার চাষীরা আলু চাষে আগ্রহী হয়ে উঠেছে। এলাকার চাষীদের নিয়ে ৫০একর (১৫০ বিঘা) জমিতে গ্যানোলা ও ডায়মন্ড জাতের আলু চাষ করবেন বলে মহানন্দ প্রতিবেদককে জানান।

আলু চাষে স্থানীয়দের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন। উপজেলার কৃষি কর্মকর্তা কমল কুমার সরকার জানান  মধ্যপ্রচ্যে বাংলাদেশে উৎপাদিত আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এ ধরনের উচ্চ ফলনশীল আলু চাষাবাদ করলে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

তিনি আরও জানান, দেশে সাধারনত প্রতি একরে ১১ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। সে তুলনায় উচ্চ ফলনশীল জাতের আলুর উৎপাদন অনেক বেশী।