সিসিসিআই ২০ টি পন্যের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস ও ৫টির ক্ষেত্রে বৃদ্ধির প্রস্তাব দিয়েছে
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) আগামী অর্থ বছরের বাজেটে ২০ টি পন্যের আমদানি শুল্ক হ্রাস ও ৫ টি পন্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবনা নিয়ে বুধবার রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এম খায়েরুজ্জামানের সাথে সিসিসিআই সদস্যরা মত বিনিময় করবেন।
সিসিসিআই সূত্র জানায়, বাজেট প্রস্তাবনা ১৭ মার্চ অর্থমন্ত্রী ও রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর প্রেরন করা হয়েছে।
সূত্র মতে সিসিসিআই কাঁচামাল হিসেবে ব্যবহৃত পণ্যের আমদানী শুল্ক হ্রাস করার প্রস্তাব দিয়েছে, এর মধ্যে অধিকাংশই রাসায়নিক দ্রব্য। এগুলো হলো পিভিসি পাইপ, গাড়ির ফিল্টার পেপার, ব্যাটারি, বৈদ্যুতিক তার, জেম ও আচার, চশমার ফ্রেম, টুথপেস্ট, গুড়ো সাবান, মশার কয়েল প্রভৃতি।
এছাড়া গুড়ো দুধ ও ক্যাটেল মেশিনারীজের আমদানি শুল্ক সর্বনিন্ম রাখার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে সিসিসিআই ৫টি পণ্যের আমদানী শুল্ক বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। এগুলো হচ্ছে তরল গ্লুকোজ, ইউরিয়া রেজিন, মেলামাইন রেজিন, বিলেট ও ৬০০ মিলিমিটারের কম পুরুত্বের স্টীল শীট।
সূত্র আরও জানায়, চোরাচালান রোধ ও দেশীয় শিল্পের বিকাশের স্বার্থে এ ধরনের বাজেট প্রস্তাবনা তৈরী করা হয়েছে।
এছাড়াও সিসিসিআই আগামী বাজেটে ঔষধ শিল্পের এপিআই পার্ক স্থাপনে ও চট্টগ্রামে কর অ্যাপিলেট ডিভিশন স্থাপনের লক্ষ্যে অর্থ বরাদ্দের প্রস্তাব করেছে। পাশাপাশি আমদানি কর ও মূল্য সংযোজন আইনের কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
