২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক বেসরকারি খাতে বিক্রির প্রক্রিয়া বন্ধে ব্যাংক কর্মচারি ফেডারেশনের দাবি

দেশের বিভিন্ন সরকারি মালিকানাধীন ব্যাংকের ৯টি ইউনিয়নের মোর্চা সংগঠন বাংলাদেশ ব্যাংক কর্মচারি ফেডারেশন মঙ্গলবার ‘লাভজনক’ রূপালী ব্যাংক বেসরকারী খাতে বিক্রির প্রক্রিয়া বন্ধের জোর দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা তাদের তিন-দফা দাবিতে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

এর মধ্যে রয়েছে ২৬ এপ্রিল রূপালী ব্যাকং কেন্দ্রীয় শাখার সামনে বিক্ষোভ মিছিল। ৪ মে থেকে ১৮ মে পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে ব্যাংক কর্মচারিদের র‌্যালি ও ২৫ মে ঢাকায় মহাসমাবেশ।

ফেডারেশন নেতারা এছাড়াও ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করণের লক্ষ্যে বিদেশী পরামর্শক নিয়োগে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা সংস্কারের নামে ব্যাপক চাকুরিচ্যুতির তীব্র বিরোধীতা করেন।

ফেডারেশনের সভাপতি আমিনুল হক ফারুক, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও বিভিন্ন ব্যাংকের সিবিএ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আমিনুল হক অভিযোগ করেন, সরকার ব্যাংকটিকে অলাভজনক দেখিয়ে এটি বেসরকারী মালিকানায় ছেড়ে দেয়ার জন্য যুক্তি দেখাচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো মূলত সরকারের ঋণ নীতির কারণে ক্ষতির মুখ দেখছে।

অগ্রণী ব্যাংকের উদাহরণ টেনে বক্তারা বলেন, বেসরকারী ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগের পরে ২০০৪ সালে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ব্যাংকটিতে ১৯১৪ দশমিক ৭৬ কোটি টাকা লস দেখিয়েছে। অথচ আগের বছরগুলাতে এ ব্যাংকটি যথেষ্ট লাভজনক ছিলে।

বক্তারা বলেন, জাতীয় বাণিজ্যিক ব্যাংকগুলো বিক্রি করে দেয়া হলে দেশের গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে বিভিন্ন সহায়তামূলক সেবা থেকে বঞ্চিত করা হবে। এবং এর নেতিবাচক প্রভাব পড়বে আমাদের গ্রামীণ অর্থনীতিতে।

বক্তার আরো অভিযোগ করেন, সরকার ৫০০ কোটি টাকা দামের পূবালী ব্যাংক মাত্র ১৬ কোটি টাকায় এবং ১০০ কোটি টাকা দামের উত্তরা ব্যাংক মাত্র ১০ কোটি টাকায় বেঁচে দিয়েছে।

আন্দোলন চলাকালে সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে ২৫ মে’র মহাসমাবেশ থেকে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।