২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সাব মেরিন ক্যাবল সংযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু

কক্সবাজারে সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার রাতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আবদুল মঈন খান এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনের জন্যে দায়িত্বপ্রাপ্ত কোরিয়ান কোম্পানীকে আইএসপি সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান কক্সবাজারের সী-বীচ অনলাইন লিমিটেডে সুইচ টিপে মন্ত্রী এ কাজের উদ্বোধন করেন। কোরিয়ান কোম্পানী বিএনএফ আগামী ১ এপ্রিল থেকে সাব মেরিন ক্যাবল সংযোগ স্থাপনের কাজ শুরু করবে।

জানা যায়, কক্সবাজার থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তলদেশ থেকে সাব মেরিন ক্যাবল সংযোগ স্থাপন করে কক্সবাজারে সংযোগ প্রদানের জন্য সরকার ৭টি বিদেশী কোম্পানীকে দায়িত্ব দিয়েছে। তাদেরই একটি প্রতিষ্ঠান কোরিয়ার বিএনএফ একটি বিশেষ রোবটের মাধ্যমে বঙ্গোপসাগরের তলদেশে সাব মেরিন  ক্যাবলের সাথে সংযোগ স্থাপন করে আগামী ৬০ দিনের মধ্যে কক্সবাজারে সংযোগ সৃষ্টি করবে। এই কাজের জন্য তাদের আইএসপি সুবিধা দেবে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডার কক্সবাজারের সী-বীচ অনলাইন লিমিটেড। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আবদুল মঈন খান বুধবার সাড়ে ৮টায় সী-বীচ অনলাইন কার্যালয়ে কোরিয়ান কোম্পানী বিএনএফের আইএসপি সার্ভিস উদ্বোধন করেন। এর মাধ্যমেই সাব মেরিন ক্যাবল স্থাপনের প্রাথমিক কাজ শুরু হল। আগামী ১ এপ্রিল থেকে এ কোম্পানীটি আনুষ্ঠানিক ভাবে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। ।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী  কোরিয়ান কোম্পানীটির কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আমিনুল ইসলাম, সী-বীচ অনলাইন লিমিটেডের পরিচালক জাহেদ ছরওয়ার সোহেল প্রমুখ।