২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ব্যবসায়ীরা টেক্সটাইল, টেলিকম ও সিরামিক খাতে বিনিয়োগে আগ্রহী

দেশের টেক্সটাইল, টেলিকমিউনিকেশন এবং সিরামিক শিল্পে বিনিয়োগের ব্যাপারে পাকিস্তানি ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (কেসিসিআই) সফররত দলটি বুধবার বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর কার্যালয়ে এক বৈঠকে এ আগ্রহ ব্যক্ত করেন।

কেসিসিআইয়ের সভাপতি খালিদ ফিরোজ বলেন, ‘বাংলাদেশে যৌথ বিনিয়োগের ব্যাপারে আমরা আগ্রহী।’

পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের সাথে তাদের সরাসরি সমুদ্রপথে যোগাযোগ ব্যবস্থা না থাকার বিষয়টিকে দু দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেন। তারা সরকারের কাছে ব্যাংকিং কাস্টমস সমস্যা সমাধানেরও আহ্বান জানান।

খালেদ ফিরোজ সাংবাদিকদের বলেন, তারা ইপিজেডে একটি বন্ডেড ওয়্যারহাউজ স্থাপনের জন্য বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তাদের আশ্বাস দেন যে, বন্ডেড ওয়্যারহাউজ স্থাপনের বিষয়টি তার সরকার বিবেচনা করবে।

বাণিজ্যমন্ত্রী কেসিসিআইয়ের নেতাদের বাংলাদেশের ওষুধশিল্পে বিনিয়োগের আহ্বান জানান। তিনি দু দেশের মধ্যে সিঙ্গেল কান্ট্রি বাণিজ্য মেলা আয়োজনের ব্যাপারেও পাকিস্তানি ব্যবসায়ীদের আহ্বান জানান।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য পাকিস্তানের অনুকূলে রয়েছে। দু দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ পর্যাপ্ত নয়। বাণিজ্যের ক্ষেত্রে যে ধরনের অসামঞ্জস্য রয়েছে তা কমিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন কেসিসিআইয়ের সভাপতি।

২০০০-০১ অর্থবছরে বাংলাদেশে পাকিস্তানের রফতানির পরিমাণ ছিল ১৩৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০০১-০২ এ ১০০ দশমিক ৮৫ মিলিয়ন, ২০০২-০৩ এ ১১৪ দশমিক ৩৫ মিলিয়ন ও ২০০৩-০৪ এ ১৯৫ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, পাকিস্তানে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ২০০০-০১ এ ৩৩ দশমিক ২৭ মিলিয়ন, ২০০১-০২ এ ২৭ দশমিক ৫২ মিলিয়ন, ২০০২-০৩ এ ৩২ দশমিক ৬৩ মিলিয়ন এবং ২০০৩-২০০৪ অর্থবছরে ৪৫ দশমিক ৫৭ মিলিয়ন মার্কিন ডলার।

স্থানীয় রফতানিকারকরা জানান, পাট ও চা ছাড়াও পাকিস্তানে বাংলাদেশের মাছ, শাকসবজি, ফলমূল, বাঁশ, মণ্ড এবং পানসুপারির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।