২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত বিভ্রাট বন্ধ ও কর কমানোর দাবি জানিয়েছে দেশের স্টিল মিলের মালিকগণ

বিদ্যুত বিভ্রাট বন্ধ ও স্টিলের ওপর থেকে অতিরিক্ত কর কমানোর দাবি জানিয়েছে দেশের স্টিল এবং রি রোলিং মিলের মালিকগণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 04:43 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রি রোলিং মিলস এসোসিয়েশন (বিআরআরএমএ) এবং বাংলাদেশ স্টিল মিলস মালিক সমিতির (বিএসএমএমএ) সাধারণ সম্পাদক শেখ মাসুদুল আলম মাসুদ বলেন,বিদ্যুত বিভ্রাটের কারনে দেশের একশ স্টিল মিল এবং তিনশ রি রোলিং মিল হুমকির সম্মুখীন। এই মিলগুলোতে ৫০০ উদ্যোক্তা প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।

তিনি আরও বলেন, লাগাতার বৈদ্যুতিক সমস্যা এবং লো ভোল্টেজ তাদের উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করছে।

স্টিলের ওপর বিদ্যমান কর কাঠামো সম্পর্কে তিনি বলেন, রি রোলিং ও স্টিল মিলের মালিকরা টন প্রতি ১৩শ থেকে ১৪শ টাকা কর দিয়ে আসছে। অন্যদিকে জাহাজ ভাঙ্গার কারখানাগুলো টন প্রতি আটশ টাকা কর দিচ্ছে।

রি রোলিং মিল মালিক সমিতির সভাপতি আলী হোসেন জানান, তাদের প্রতি টন রড উৎপাদন করতে প্রয়োজন সাতশ ইউনিট কিন্তু বিদ্যুত বিভ্রাটের কারনে তাদের সাড়ে চার হাজার থেকে সাত হাজার ইউনিট বিদ্যুত প্রয়োজন হচ্ছে।

দেশব্যাপী বার্ষিক এম এস রডের প্রয়োজনীয়তা হচ্ছে তিন বিলিয়ন টন। কিন্তু দেশের সব স্টিল মিলগুলো মিলে সরবরাহ করছে মাত্র এক দশমিক পাঁচ বিলিয়ন টন রড।