২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী কয়েক মাসের মধ্যে রূপালী ব্যাংককে বিরাষ্ট্রীয়করণ করা হচ্ছে

সরকার আগামী কয়েক মাসের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের ৫১ থেকে ৭৫ শতাংশ শেয়ার ছেড়ে দেওয়ার মাধ্যমে বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এর আগে অবশ্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চাওয়া হবে। রূপালী ব্যাংক লিমিটেডে বর্তমানে সরকারের ৯৪ শতাংশ এবং বেসরকারী ৬ শতাংশ শেয়ার রয়েছে।

প্রাইভেটাইজেশন কমিশনে মঙ্গলবার রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক সংস্কার সংক্রান্ত টাস্কফোর্সের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যাংকের বেসরকারিকরণ প্রক্রিয়া দ্রুততর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় টাস্কফোর্স নেতা এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা এবং টাস্কফোর্সের সদস্য ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর রুমি এ আলী উপস্থিত ছিলেন।

সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, রূপালী ব্যাংকের আর্থিক উপদেষ্টা প্রতিষ্ঠানের সুপারিশমালার ভিত্তিতে  সরকারের বেশিরভাগ শেয়ার ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, শুরুতে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে ইচ্ছাপত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে এবং একটি সংক্ষিপ্ত তালিকা তৈরির পর কমিশন তাদের মধ্যে থেকে চূড়ান্ত বাছাই করবে।

একমাসের মধ্যে ইচ্ছাপত্র জমা দেয়ার জন্য আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার চেষ্টা করব।

এছাড়াও সরকারি শেয়ার দরের সাথে আগ্রহী ক্রেতাদের অবশিষ্ট ৬ শতাংশ শেয়ারের চুড়ান্ত দরও উল্লেখ করতে হবে।

তিনি বলেন, বেসরকারী শেয়ার মালিক যারা তাদের শেয়ার বিক্রি করতে চান তাদের জন্য ব্যাপারটি সহজ হবে। তবে যেহেতু এটি ব্যাংকের শেয়ার তাই শেয়ার ক্রয়ে আগ্রহী ক্রেতাদের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে।

শেয়ারের দর কেমন হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শেয়ারের দর এবং সম্পদের মূল্যমান এখনও নির্ধারিত হয়নি। এছাড়াও শেয়ার বাজারে দুর্নীতি ঠেকাতে অবশিষ্ট শেয়ার সরকারের হাতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতোমধ্যে রূপালী ব্যাংক ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বেসরকারীকরণ প্রক্রিয়ায় প্রতিবাদে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) এপ্রিলের ৫ থেকে ৬ থারিখ ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে।

স্কপ জানায়, এর মাধ্যমে সরকার ২০০৪ সালের ৮ জানুয়ারি তাদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করছে।