বিদ্যুৎখাতে আরও বিদেশী বিনিয়োগ প্রয়োজন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ স্বল্পতার কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, বিদেশী বিনিয়োগকারীদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সোমবার বিদ্যুৎ খাতে আরও বেশি বিদেশী বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, ২০০৭ সালের চাহিদা মেটাতে বিদ্যুৎ খাতে আমাদের তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন। আমরা আশা করি, বিদেশী বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগে এগিয়ে আসবে।
নগরীর সোনারগাঁও হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাথে মধ্যাহ্ন ভোজ সভায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে তারা গত সরকারের কাছ থেকে একটি বিশৃঙ্খল বিদ্যুৎ খাত পেয়েছেন এবং তিনি স্বীকার করেন, আপাতত তাদের হাতে এর কোনও সহজ সমাধান নেই। তবে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আমরা একটি সমৃদ্ধ বিদ্যুৎ খাত প্রত্যাশা করতে পারি।
বর্তমান বিদ্যুৎ সংকটের ব্যাপারে মন্ত্রী বিদেশী বিনিয়োগকারী এবং তাদের প্রতিনিধিদের বলেন, সরকার ২০টি ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (১০ মেগাওয়েট ক্ষমতাসম্পন্ন) স্থাপনের জন্য ৫০টি আবেদনপত্র পেয়েছে। চলতি বছরের মধ্যেই কেন্দ্রগুলো স্থাপন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বছর জুনের মধ্যে আইন অনুযায়ী ছয় তলার ঊর্ধ্বে বাড়ির মালিকদের নিজস্ব সাবস্টেশন স্থাপনের ব্যাপারে মন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে তারা সাবস্টেশন নির্মাণে ব্যর্থ হলে তাদের সংযোগ বিচ্যুত করা হবে।
বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, যখনই সরকার কোনও নতুন উৎপাদন কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়, তখনই কিছু সংবাদপত্র দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলে। ফলে আমাদের ওই প্রকল্প বাতিল করে দিতে হয়, যাতে করে বিদ্যুৎখাত ক্ষতিগ্রস্ত হয়।
সভায় এফআইসিসিআই সভাপতি মাহবুব জামিল বলেন, বিগত কয়েক বছরে বিদ্যুৎখাতে উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি। বিশেষ করে কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, অজ্ঞাত কারণে ওই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, ঘন ঘন বিদ্যুৎ ঘাটতি শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে উৎপাদন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি করছে। এছাড়াও ঘাটতির কারণে শ্রমঘন্টা এবং শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রপাতির আয়ুষ্কাল কমে যায়।
