২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক চামড়া মেলা, রপ্তানিকারকদের আশা কয়েক লাখ ডলারের অর্ডার

রোববার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক চামড়া মেলায় কয়েক লাখ ডলারের অর্ডার পাওয়া যাবে বলে আশা করছেন দেশের চামড়া রপ্তানিকারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস এ্যাণ্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এএফএলএলএফইএ) সভাপতি টিপু সুলতান শুক্রবার বলেন, ‘ঢাকায় অনুষ্ঠিত গতবারের মেলায় আমরা ৭৭ লাখ মার্কিন ডলার পরিমান মূল্যের অর্ডার পেয়েছিলাম’। গতবারের তুলনায় এবার আরও বেশি অর্ডার পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।

তিনি জানান, দেশের একশ ভাগ রপ্তানিমুখী এ শিল্পের সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে এএফএলএলএফইএ এবার ২৪ টি দেশের ক্রেতাদের আমন্ত্রণ জানিয়েছে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠেয় এ মেলার উদ্বোধন করবেন। মেলার ৩৯ টি স্টলে দেশীয় জুতা, ব্যাগ, বেল্ট, ট্রাভেল সামগ্রী, চামড়ার তৈরি পোশাক ও মানিব্যাগ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। অন্যদিকে বিদেশী কোম্পানিগুলো মেলার ২৭টি স্টলে চামড়া শিল্পের সাথে জড়িত বিভিন্ন কেমিক্যালও প্রদর্শন করবে।

মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় প্রবেশ মুল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

মেলার আয়োজকরা জানান, মেলার মুল আকর্ষণ ফ্যাশন শো এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায়।

হিমায়িত খাদ্যের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি আয়ের উৎস এ চামড়া শিল্প।

চামড়াজাত পন্য রপ্তানি করে ২০০৩ থেকে ’০৪ সালে বাংলাদেশ আয় করেছে ২১১ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান অর্থবছরের প্রথম সাত মাসে ১২৫ মিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পন্য রপ্তানি করে।