জাপানে ছয় মাসব্যাপী বিশ্ব প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ
জাপানের নাগোয়াতে বৃহস্পতিবার শুরু হওয়া ছয় মাসব্যাপী বিশ্ব প্রদর্শনী ২০০৫-এ অংশ নিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১১৮টি দেশের প্রতিনিধি এই প্রদর্শনীতে যোগ দিয়েছে।
বৃহস্পতিবার প্রদর্শনীর বর্ণাঢ্য উদ্বোধনে উপস্থিত ছিলেন জাপানের সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো। জাপানি প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি ও তাঁর মন্ত্রিপরিষদের সদস্যগণ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আর্ন্তজাতিক পর্যায়ে এ বিশাল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি দলের কমিশনার জেনারেল হিসেবে রয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ- এফবিসিসিআই’র সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। বিভিন্ন দেশ থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে তিনিও প্রদর্শনীর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। জাপানের সময় দুপুর ২ টায় উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।
নাগোয়া শহরের বাইরে ১৭৩ হেক্টর এলাকা জুড়ে প্রদর্শনীর পসার সাজিয়েছেন বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা। পুরো সময় জুড়ে এ প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেড় কোটি দর্শনার্থীর সমাগম ঘটবে আশা করা হচ্ছে।
প্রদর্শনীতে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন রয়েছে। ওই প্যাভিলিয়নে বাংলাদেশের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হবে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়। আয়োজকরা জানিয়েছে, আগামী ছয় মাস ব্যাপী এই প্রদর্শনীর প্রতিটি দিনে একই রকম নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে।
প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ প্যাভিলিয়নের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অংশগ্রহণকারী প্রায় ৬০টিরও অধিক দেশের প্রধানমন্ত্রীগণ আগামী ছয় মাসে
প্রদর্শণী পরিদর্শন করবেন।
