২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের বাজারে জিএসপি সুবিধা পাওয়ার জন্য কৌশল নির্ধারনী বৈঠক বুধবার

ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা পাওয়ার জন্য কৌশল নির্ধারনী সভায় সরকারি নীতিনির্ধারকগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে মিলিত হবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মন্ত্রণালয় সূত্রে জানা যায় বৈঠকে গৃহীত সুপারিশমালা ২৪ মার্চের আগে ইউরোপীয় কমিশনে পেশ করা হবে। কেননা ওই দিন ব্রাসেলসে ইউরোপীয় কমিশন সদর দফতরে স্বল্পোন্নত দেশগুলোর জন্য জিএসপি সুবিধা প্রদান সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হবে।

জিএসপি সুবিধা সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক শুক্রবার ইস্যু করা এক নির্দেশনায় বলা হয়, রুলস অব অরিজিন নির্ধারনের ক্ষেত্রে একটি দেশের উৎপাদন ক্ষমতা ও মূল্য সংযোজনকে বিবেচনা করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর তৈরি পোশাক রপ্তানিকারকরা মূল্য সংযোজনের ওপর জিএসপি সুবিধা পাবেন। কিন্তু ওই দেশগুলোর জন্য এখনও জিএসপি সুবিধা কাঠামো চূড়ান্ত করা হয়নি। স্বল্পোন্নত দেশগুলোর জন্য জিএসপি সুবিধা কাঠামো ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ২০১৫ সাল পর্যন্ত এ সুবিধা বজায় থাকবে।

বিজেএমইএ সভাপতি আনিসুল হক, বিটিএমএ সভাপতি এম এ আঊয়াল, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, এফবিসিসিআই সভাপতি আব্দুল আঊয়াল মিন্টু ও এমসিসিআই’র সভাপতি কুতুব উদ্দিন আহমেদ বুধবারের সভায় উপস্থিত থাকবেন।

উক্ত সভায় বিকেএমইএ ও বিটিএমএ নেতৃবৃন্দ বর্তমানের শতকরা ৫১ ভাগ মূল্য সংযোজনের পক্ষে মত প্রকাশ করতে পারেন। কিন্তু বিজিএমইএ’র একজন নেতা জানিয়েছেন যে তারা মূল্য সংযোজন শতকরা ৪০ ভাগে নামিয়ে আনার জন্য জোর চেষ্টা চালাবেন। 

ইউরোপীয় কমিশনের জিএসপি সুবিধার নতুন পদ্ধতি অনুসারে যে সব স্বল্পোন্নত দেশ বিদেশ থেকে সুতা ও কাপড় আমদানি করে তৈরি পোশাক রপ্তানি করবে তাদেরকে অল্প কিছু পরিমানে হলেও স্থানীয় কাপড় ব্যবহার করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “শতকরা কত ভাগ মূল্য সংযোজন করা হবে তা নির্ধারণ করাটা খুবই জরুরি। কেননা যেখানে বিজিএমইএ কম মূল্য সংযোজনের দাবি তুলছে সেখানে বিটিএমএ ও বিকেএমইএ বর্তমানের শতকরা ৫১ভাগ মূল্য সংযোজন বজায় রাখতে চাইছে।

তবে সভায় একটা সমঝোতায় আসা দরকার বলে তিনি জানান।

জিএসপি সুবিধা নির্ধারনের জন্য ইউরোপীয় কমিশন ২০০৪ সালের ৭ জুলাই একটি নীতিমালা প্রণয়ন করে।

ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধাভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। জিএসপি সুবিধার অধীনে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যে পরিমান আমদানি করে থাকে তার মাত্র শতকরা ৩ দশমিক ৬ ভাগ বাংলাদেশের।