২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি অডিট খাতকে রেগুলেটরি বোর্ডের অধীনে আনা হবে

আর্থিক ব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি খাতের অডিটিং কার্যক্রমকে রেগুলেটরি বোর্ডের আওতায় আনার কথা বলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মুক্তবাজার অর্থনীতির অধিক গুরুত্বের কারণে কিছু উন্নত দেশ ইতোমধ্যেই সেখানকার বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের আর্থিক লেনদেন সংক্রান্ত কার্যক্রমের পর্যবেক্ষণ শুরু করেছে। অর্থমন্ত্রী মঙ্গলবার রাজধানীর কাকরাইলে অডিট ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধণকালে সাংবাদিকদের এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ সচিব জাকির আহমেদ খান ও কম্পট্রোলার ও অডিটর জেনারেল (সিএন্ডএজি) আসিফ আলী।

প্রাইভেট অডিট ফার্মগুলো যে কাজ করছে তা একটি রেগুলেটরি গাইডলাইনের অধীনে আনা হবে যেমনটি বিভিন্ন ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের, শেয়ার মার্কেটের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ও টেলিফোন সেক্টরের সাথে বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের রয়েছে।

যদিও দেশের অডিট ফার্মগুলো স্ব-নিয়ন্ত্রিত কিন্তু বাস্তবে তাদের প্রতিবেদন একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের স্ব-নিয়ন্ত্রিত অডিট ফার্মগুলোর কার্যক্রম প্রায়শই এগুলোর মালিকদের দ্বারা প্রভাবিত হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের দেউলিয়া হয়ে যাওয়া প্রতিষ্ঠান এনরনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘অনেক বহুজাতিক কোম্পানি, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদের প্রতারিত করতে ভুল প্রতিবেদন দাখিল করে থাকে।’

মুক্তবাজার অর্থনীতির প্রভাবের কারণে কিছু ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্র বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা যাচাই করার স্ব-ক্ষমতা অর্জন করেছে।

আর্থিক ব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একজন চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ড অব অডিটরস গঠন করা হবে বলে তিনি জানান।

প্রভাবিত হয়ে প্রতিবেদন দাখিলের জন্য অর্থমন্ত্রী অডিটরদের সমালোচনা করে বলেন, ‘আপনাদের ব্যয়ের উদ্দেশ্যের ওপর মনোনিবেশ করা উচিত।’

প্রায় ৮ কোটি ৩৭ হাজার টাকা ব্যয়ে অডিট ভবনটি নির্মাণ করা হবে। ২০০৬ সালের মধ্যে গণপূর্ত বিভাগ ও কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল ভবন নির্মাণের কাজ শেষ করবে বলে জানা যায়।