মালয়েশিয়ায় লোক নিয়োগ শুরুর আগেই দালালচক্র তৎপর
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আবার শ্রমিক নেওয়ার আগেই তৎপর হয়ে উঠেছে কিছু প্রভাবশালী রিক্রুটিং এজেন্সি, দালাল ও সেখানে বাংলাদেশ দূতাবাসের এক শ্রেণীর কর্মচারী। বাংলাদেশী শ্রমিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ খুঁজছে তারা।
সম্প্রতি কুয়ালালামপুরের একটি ট্রাভেল এজেন্সির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেন, ‘লাখ লাখ টাকা বানানোর সুযোগ এটি। ঢাকা ও কুয়ালালামপুরের ট্রাভেল এজেন্ট ও দালালরা সেই টাকা ধরার অপেক্ষায় রয়েছে।’ বাংলাদেশের এক সরকারি কর্মকর্তার বক্তব্যের সাথে এ তথ্যের বেশ মিল রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় কার্যাদেশের প্রতিটি অনুমতিপত্র চার হাজার পাঁচশ থেকে চাঁচহাজার রিঙ্গিতে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশী টাকায় প্রায় ৭২ হাজার থেকে ৮০ হাজার টাকা। প্রভাবশালী এই গ্র“পটি ইতোমধ্যেই কার্যাদেশের অনুমতিপত্র পেয়েছে। অন্যান্য রিক্রুটিং এজেন্সির কাছেও তাদের কার্যাদেশের অনুমতিপত্র বিক্রির তথ্য পাওয়া গেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমা ঘোষণাকালীন চার মাসে যে সব অবৈধ বাংলাদেশী শ্রমিক দেশে ফিরে এসেছিলেন, সেই আট হাজার শ্রমিক মালয়েশিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পাবেন।
নাম না প্রকাশের শর্তে এক ট্রাভেল এজেন্ট বলেন, প্রভাবশালী চক্রটি অধিক অর্থ উপার্জনের জন্য আরও অনেক শ্রমিক মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, এবার যেসব শ্রমিক মালয়েশিয়া যাবেন, তারা কেউই সাতশ রিঙ্গিতের (নয় হাজার ছয়শ টাকা) বেশি মাসিক বেতন পাবেন না। সম্প্রতি মালয়েশিয়ার ১১টি কোম্পানির চারশ ৩৫ জন বাংলাদেশী শ্রমিককে কার্যাদেশ দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, শ্রমিকরা কেউই চারশ ৭০ রিঙ্গিত বা সাত হাজার পাঁচশ টাকার অধিক মাসিক বেতন পাবেন না। ওভারটাইম থেকেও তারা দুশ ৩০ রিঙ্গিত বা তিন হাজার সাতশ টাকার বেশী পাবেন না। উপরন্তু মালয়েশীয় সরকার তাদের প্রত্যেকের বেতন থেকে কর বাবদ প্রতিমাসে একশ রিঙ্গিত কেটে রাখবে। ফলে তাদের মাসিক আয় নয় হাজার ছয়শ টাকার বেশি হবে না।
অথচ এই কাজ পেয়ে দুই থেকে তিন বছরের জন্য মালয়েশিয়া যেতে তাদের প্রত্যেককে এক লাখ থেকে এক লাখ ২৫ হাজার টাকা খরচ করতে হবে। এত বেশী টাকা খরচ করে মালয়েশিয়া যাওয়ার পর তারা যখন অর্থ সঞ্চয়ের সুযোগ পাবেন না, তখন বাড়তি আয়ের আশায় নির্ধারিত কাজ ছেড়ে অন্য কাজে জড়িয়ে অবৈধ শ্রমিক হতে বাধ্য হবেন তারা।
কুয়ালালামপুরের আরেক ট্রাভেল এজেন্ট জানান, বিমানে ওয়ান-ওয়ে টিকিটে মালয়েশিয়া যেতে ১০ থেকে ১২ হাজার টাকার বেশি লাগার কথা নয়। আর রিক্রুটিং এজেন্সি ফি পাঁচ হাজার ও অন্যান্য খরচ ১০ হাজার টাকার বেশি নয়। পাশাপাশি, প্রতি শ্রমিক বাবদ চাকরিদাতা সংস্থাগুলোকে যে প্রায় ২০ হাজার টাকা দিতে হয়, তাও শ্রমিকদের কাছ থেকেই রাখা হয়। সব মিলিয়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকার জায়গায় ট্রাভেল এজেন্সিগুলো প্রত্যেক শ্রমিকের কাছ থেকে এক লাখ বা তারও বেশি টাকা নিয়ে থাকে।
এমন পরিস্থিতিতে কুয়ালালামপুরে বৈধ শ্রমিকদের অনেকেরই জিজ্ঞাসা, যে ভাগ্য গড়ার আশায় বাংলাদেশী শ্রমিকরা মালয়েশিয়ায় আসছেন, আসলে তা কতটা সম্ভব হবে।
মালয়েশিয়ার পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা গেছে, দেশটি বৃক্ষ রোপন, সেবা, প্রক্রিয়াজাতকরণ ও নির্মাণ কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় চার লক্ষ শ্রমিক নেবে। কারণ, মালয়েশিয়ার বহুজাতিক ও স্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানিগুলোতে পর্যাপ্ত লোকবল না থাকায় তারা অনেক বৈদেশিক অর্ডার হারিয়েছে।
মালয়েশিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রায় এক লাখ শ্রমিকের ঘাটতি রয়েছে। এছাড়া সেখানে ম্যানুফেকচারিং শিল্পে দুলাখ, নির্মাণ ক্ষেত্রে দেড় লাখ, বৃক্ষ রোপনে ৫০ হাজার ও সেবা কাজে ২০ হাজার শ্রমিকের ঘাটতি রয়েছে।
রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর জালিয়াতির কারণে ১৯৯৬ সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এক শ্রেণীর অসাধু রিক্রুটিং এজেন্সির দৌরাত্ম্যে বর্তমানেও আবার সে রকম পরিণতির আভাস পাওয়া যাচ্ছে।
