২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্নেস অয়েল সঙ্কট নিরসনে বিপিসির বিশেষ কোনও পদক্ষেপ নেই

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ফার্নেস অয়েলের বিরাজমান সঙ্কট নিরসনে বিশেষ কোনও পদক্ষেপ নেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ফার্নেস অয়েল ব্যবহারকারীদের বিপিসি চাহিদা অনুযায়ী ফার্নেস অয়েল আমদানির পরামর্শ দিয়েছে।

বিপিসির একটি সূত্র জানায়, গ্যাস সঙ্কটের কারণে ব্যক্তিমালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে ফার্নেস অয়েলের চাহিদা বেড়ে গেছে।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর চাহিদা মেটাতে বিপিসি অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যেই ৪০ হাজার মে.টন ফার্নেস অয়েল আমদানি করেছে।

বিপিসির বিক্রয় বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, এমনকি পিডিবির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতেই পর্যাপ্ত ফার্নেস অয়েলের সরবরাহ নেই। গ্যাস সঙ্কটের নিরসন না হওয়া পর্যন্ত ফার্নেস অয়েলের এ সঙ্কট অব্যাহত থাকবে।

সূত্র আরও জানায়, আন্তর্জাতিক বাজারে ফার্নেস অয়েলের দাম বেড়ে যাওয়ায় ব্যক্তিমালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোও বিপিসির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

আমদানি করা এক লিটার ফার্নেস অয়েলের দাম বাজারে যেখানে ২২ টাকা সেখানে বিপিসি এক লিটার ফার্নেস অয়েলের দাম নিচ্ছে মাত্র ১২ টাকা।

বিপিসির ইস্টার্ন রিফাইনারি প্রতিমাসে উপজাত হিসেবে ২৭ থেকে ৩০ হাজার মে.টন ফার্নেস অয়েল উৎপাদন করে থাকে।