২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি সম্পর্কে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রচারণা

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি পণ্য চিংড়ি সম্পর্কে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। রফতানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন বেসরকারি সংস্থা বাংলাদেশের চিংড়ি চাষের সাথে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, পরিবেশ দূষণের মত গুরুতর বিষয়গুলো জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 02:53 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বাংলাদেশের কয়েকটি বেসরকারি সংস্থার প্রচারণায় সেসব দেশের বেসরকারি সংস্থাগুলো এরকম খোঁড়া অজুহাত দেখিয়ে এদেশ থেকে চিংড়ি অমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে তাদের সরকারের প্রতি আহবান জানিয়েছে।

হিমায়িত চিংড়ি রফতানি করে বাংলাদেশ বছরে ২ হাজার কোটির টাকারও বেশি আয় করছে।

২০০৩-০৪ অর্থবছরে আয়ের পরিমাণ ছিলো ২২শ’ কোটি টাকা। যার ৬০ শতাংশ আসে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাজার থেকে।

যুক্তরাজ্যের প্রভাবশালী এনজিও এনভায়রনমেন্টাল জাস্টিস ফাউন্ডেশন (ইজেএফ) তাদের এক প্রতিবেদনে বাংলাদেশ থেকে হিমায়িত চিংড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়ে বলেছে যে, সেখানে চিংড়ি চাষ নিয়ন্ত্রণ করছে মস্তানরা।

চাষিদের অন্যান্য ফসলের পরিবর্তে চিংড়ি চাষে বাধ্য করা হচ্ছে। অশিক্ষিত চাষিরা চিংড়ি চাষ করতে গিয়ে পরিবেশ বিনষ্ট করছে এবং চিংড়ির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন পত্র পত্রিকাতেও বিষয়গুলো প্রচার করা হচ্ছে বলে চিংড়ি রফতানিকারকরা জানিয়েছেন।

চিংড়ি চাষে এ ধরনের নেতিবাচক প্রচারণার রহস্য উৎঘাটনে সরকার ২০০৩ সালে বানিজ্য মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু কমিটি আজও পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।

হিমায়িত খাদ্য রফতানিকারকদের প্রতিষ্ঠান বাংলাদেশ ফ্রোজেন অ্যসোসিয়েশনের খুলনা অঞ্চলের সহ-সহভাতি কাজী বেলায়েত হোসেন বিডিনিউজকে বলেন, নেতিবাচক প্রচারণা প্রতিরোধে চিংড়ি খাতের সাথে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু এনজিও এবং পত্রপত্রিকার মনগড়া খবর প্রকাশ করে বিদেশি ক্রেতাদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। 

উল্লেখ্য, ‘ভিশন-২০০৮’ নামে এক পরিকল্পনায় ২০০৮ সাল নাগাদ বাংলাদেশে চিংড়ি রফতানির পরিমান বাড়িয়ে আয় ১০ হাজার কোটি টাকা উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রফতানিকারকরা। গত ৩০ বছরে রফতানি বেড়েছে বছরে গড়ে ৩ শতাংশের বেশি। লক্ষ্যমাত্রা অর্জনে আগামী ৪ বছরে আয় বাড়াতে হবে আরও পাঁচগুণ।