২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে থাই পণ্য প্রদর্শনী শুরু

বাংলাদেশে থাই পণ্যের বাজারকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে রাজধানীতে রোববার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী চতুর্থ থাই পণ্য প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী সোনারগাঁ হোটেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রায় ৬৭টি থাই কোম্পানির ১৫ ধরনের পণ্য প্রদশর্নীতে স্থান পেয়েছে।

বাংলাদেশের ক্রেতাদের কাছে তাদের পণ্য জনপ্রিয় করতে এবং সেই সাথে যৌথ বানিজ্যে অংশ নিতে বাংলাদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর প্রথম দু’দিন ব্যাবসায়ীদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা হবে। এছাড়া প্রদর্শনীর শেষ দিন অর্থাৎ ২২ মার্চ সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে থাই রাষ্ট্রদূত সুপথ চিন্তানুক্রন, বাংলাদেশ থাইল্যাণ্ড চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদ মাসুদ খান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই প্রদর্শনী দুই প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সাথে সাথে বাংলাদেশে যৌথ বিনিয়োগকে শক্তিশালী করবে।

প্রদর্শনীতে যে সকল পণ্য স্থান পেয়েছে তার মধ্যে রয়েছে কেমিক্যাল জাতীয় পণ্য, নির্মান সামগ্রী, উপহার সামগ্রী, খাদ্য, পানীয়, চিকিৎসা সেবা, চিকিৎসা সামগ্রী এবং নিত্য প্রয়েজনীয় দ্রব্য সামগ্রী।

চট্টগ্রামে আগামী ২৫ থেকে ২৭ মার্চ একই ধরনের আরেকটি প্রদর্শনীর আয়োজন করা হবে।