২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিলো এফবিসিসিআই

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে এবং ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এফবিসিসিআই’র এই কর্মসূচির প্রতি স্ট্যাণ্ডার্ড চাটার্ড ব্যাংক তাদের সাহায্যের হাত বাড়িয়েছে। ‘এফবিসিসিআই ও এসসিবি এওয়ার্ড ’ নামে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হবে। শনিবার এফবিসিসিআই’র কনফারেন্স কক্ষে এ ব্যাপারে দুপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত  হয়।

অনুষ্ঠানে এফবিসিসিআই’র পক্ষে মহাসচিব এম এম জাহাঙ্গীর এবং স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের (এসসিবি) কনজিউমার ব্যাংকিং প্রধান এম সাজিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। এ সময় এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টুসহ এফবিসিসিআই এবং এসসিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন থেকে পরবর্তী তিন বছর সাতটি ক্যাটাগরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাঝে ৫০০ মার্কিন ডলার সমপরিমানের পুরস্কার প্রদান করা হবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলার শেষ দিন ১৪ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ড: ইয়াজউদ্দিন আহম্মেদ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ছোট এবং মাঝারি বিনিয়োগকারীদের পুরস্কার প্রদানের ফলে নতুন নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবে এবং এর মাধ্যমে বিদেশীরা  বিনিয়োগে আকৃষ্ট হবে। যা দেশের জিডিপিতে গুরুত্তপূর্ণ অবদান রাখবে। বর্তমানে দেশে জিডিপির হার শতকরা ১৭ ভাগ।

সাজিদুর রহমান বলেন, সামাজিক দায়িত্ববোধ এবং অঙ্গিকারের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক (এসসিবি) এফবিসিসিআই’র এই পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করেছে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে এসসিবি ছোট এবং মাঝারি বিনিয়োগকারিদের মাঝে প্রাথমিক পুঁজি এবং বাণিজ্যিক ঋণ বিতরণের জন্য একটি নতুন সেক্টর খোলার চিন্তাভাবনা করছে।

পণ্যের উদ্ভাবনি উদ্যোক্তা, ব্যবস্থাপনা, গুনগত মান ও উৎপাদন পদ্ধতির জন্য সেরা প্রতিষ্ঠান, সেরা নারী উদ্যোক্তা, সেরা যৌথ/মাঝারি কর্পোরেট শিল্প প্রতিষ্ঠান, সেরা মাঝারি/কর্পোরেট ব্যবস্থাপনা, সেরা কর্পোরেট নারী উদ্যোক্তা এবং সেরা ছোট ও মাঝারি উদ্যোক্তার সহায়তাদানকারী এই সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।