২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা প্রধানমন্ত্র্রীর বাংলাদেশ সফর

চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এপ্রিলে ঢাকায় আসছেন। তার এ সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বহুল আলোচিত দুটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত চ্যাইজি সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

৪০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দেশের বেশ কটি জেলায় ডিজিটাল টেলিফোন স্থাপন এবং ১২৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন খুলনা থার্মাল পাওয়ার প্লান্ট স্থাপন বিষয়ে চুক্তি দুটি সম্পাদিত হবে।

তবে প্রকল্প দুটির ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক সাড়া না দিলে চীনা প্রধানমন্ত্রীর এ সফর কর্মসূচি বাতিল হতে পারে, বললেন রাষ্ট্রদূত।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে তার আগারগাঁও কার্যালয়ে বৈঠকের পর চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের আরো বলেন, ‘চীনা প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর এবং সম্ভাব্য চুক্তিগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি।’ সরকারের একটি সূত্র জানায়,  চীন এই দুটি প্রকল্পে মাত্র ২.৫ শতাংশ সরবরাহকারী মুনাফায় মোট  ৬১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

সূত্রটি আরো জানায়, ‘চীনা প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন।’ তিনি বলেন, সমঝোতা চূড়ান্ত হলে উভয়পক্ষ একই সাথে এ সফর কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেবে। 

সূত্র জানায়, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সংক্রান্ত চুক্তি দুটির ব্যাপারে বাংলাদেশ সম্মত থাকলে পরবর্তীতে অত্যন্ত কম মুনাফায় চীন বাংলাদেশের প্রস্তাবকৃত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং ঢাকার পয়ঃনিষ্কাষণ বিষয়ক দুটি চুক্তির ব্যাপারেও আগ্রহী হতে পারে।

প্রকল্প দুটি হচ্ছে দ্য নর্থ ঢাকা (পূর্ব) স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্প দুটি বিগত আওয়ামী লীগ সরকার অনুমোদন করে। পরবর্তীতে জোট সরকারের সময়ে তা স্থগিত হয়ে যায়। ২০০৩ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরকালে প্রকল্প দুটির ব্যাপারে উভয়পক্ষ সমঝোতা স্মারক স্বাক্ষর করে। 

সূত্র জানায়, প্রস্তাবিত স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নে ৯৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। পাগলার ওয়াটর ট্রিটমেন্ট প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার।