১৬৬ জন সরকারি কর্মকর্তাকে সিলেকশন গ্রেডভূক্ত করেছ।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান বলেছেন, অর্থ মন্ত্রনালয় ২০০৩ সালের ৮ মার্চে ৪১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৬৬ জনকে তাদের প্রাপ্ততার তারিখ থেকে সিলেকশন গ্রেডভূক্ত করেছ।
সোমবার জাতীয় সংসদে জামাতে ইসলামীর মিজানুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী জানান, আরও ৩৩১ জন কর্মকর্তার মধ্যে ২০৮ জনকে ২০০৪ সালের ২৬ সেপ্টেম্বর সিলেকশন গ্রেডভূক্ত করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১২৩ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেডভূক্ত করা যায়নি। তবে তাদের কাগজপত্র পাওয়া গেলে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে।
কাজী সিরাজুল হকের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ২০০০-০১ অর্থ বছর থেকে এ বছরের ২ মার্চ পর্যন্ত সরকার বিভিন্ন ব্যাংক থেকে মোট ৫,৮১৩ দশমিক ৬৩ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে। এর মধ্যে তফসিলী ব্যাংক থেকে ৩,৮৪৯ দশমিক ৩৬ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে ১,৯৬৪ দশমিক ২৭ কোটি টাকা গ্রহণ করা হয়েছে।
মসিউর রহমান রাঙার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে ২২ দশমিক ৮৯ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২,১৯০ কোটি টাকা। বছরের প্রথম ৮ মাসে এর মাত্র ৫৪ দশমিক ১৭ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এ অর্থ বছরে রাজস্ব বোর্ড বহির্ভূত কর এবং কর ব্যতিত প্রাপ্তি খাত থেকে ৯১১০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম ছয় মাসে আদায় হয়েছে ৩,৪৮৭ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার মাত্র ৩৮ দশমিক ২৮ শতাংশ।
