ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষকের দুর্ভোগ বেড়েছে: এমকে আনোয়ার
কৃষিমন্ত্রী এমকে আনোয়ার বলেছেন, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ কৃষকের ভোগান্তি চরমে পৌঁছেছে। তিনি বলেন, সাধারণ অবস্থাতেই বিশ্বের যেকোন দেশের তুলনায় বাংলাদেশের কৃষকদের সেচ ব্যয় বেশী। ডিজেলের দাম বৃদ্ধি তাদের সংকট আরো বাড়িয়ে তুলেছে।
মন্ত্রী রোববার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশের খাদ্য নীতি বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখছিলেন।
আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনষ্টিটিউট- আইএফপিআরআই, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ- বিআইডিএস ও বাংলাদেশ রাইস ফাউণ্ডিশন- বিআরএফ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস’র মহাপরিচালক ড. কাজী সাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন আইএফপিআর’র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মন্দিভম্বা রুকনি।
মন্ত্রী বলেন, দেশের ধান উৎপাদন খরচের ২৮ শতাংশই চলে যায় সেচকাজে, যা ভারতের পাঞ্জাবে ১৩ শতাংশ, থাইল্যাণ্ডে ৮ শতাংশ এবং ভিয়েতনামে মাত্র ৬ শতাংশ।
কৃষকদের ভোগান্তি কমাতে ডিজেলের দাম কমিয়ে আনার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে মন্ত্রী জানান। তবে সরকারের সম্পদের সীমাবদ্ধতার কারণে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বিএডিসি দেশের প্রয়োজনের মাত্র ৫ শতাংশ বীজ উৎপাদনে সক্ষম। বাকী পুরোটাই সরবরাহ করে বেসরকারী খাত।
তিনি বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তার মন্ত্রণালয় নতুন বীজ আইনের খসড়া তৈরি করেছে, যা এখন সরকারে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রী জমিতে সার প্রয়োগে সতকর্তা অবলম্বনের ওপর জোর দেন। হিসেব নিকেশ ছাড়া জমিতে রাসয়নিক সার ব্যবহার করায় এবং জমিতে অর্গানিক সারের ব্যবহার কমে যাওয়ায় উৎপাদণশীলতা ক্রমেই হ্রাস পাচ্ছে।
দেশে কৃষি উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রী বায়ো টেকনোলজি ব্যবহারে ওপর জোর দেন।
