বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু হবে
দেশের প্রথম ও একমাত্র ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এ বছরের নভেম্বর মাসে চালু হবে। খবর তথ্য বিবরণীর।
বড়পুকুরিয়ার অপর ইউনিটটিও পরবর্তি তিন মাসের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রায় ১৬৫০ কোটি টাকা ব্যয় হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গতকাল প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এলে সংশ্লিষ্ট প্রকৌশলিগণ তাকে এ তথ্য জানান। প্রকৌশলিরা জানান, এ পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৭৬ শতাংশ।
প্রতিমন্ত্রী প্রকল্প এলাকার প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং কর্তব্যরত প্রকৌশলি ও শ্রমিকদের সাথে কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন। তিনি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে বিশেষ করে উত্তরাঞ্চলের বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যা দূর করার লক্ষ্যে যথাসময়ে প্রকল্পটি চালু করার জন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালের ২৩ এপ্রিল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধন করেন। মোট ৩০০ একর জমির ওপর নির্মাণাধীন এ প্রকল্পটি সরবরাহকারী ঋণ চুক্তির আওতায় চীনের সি এম সি, এস ই সি, এবং এস, ই ই সি কনসোর্টিয়ামের কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ১২৫ মেগাওয়াট মতাসম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে। এ ইউনিট দুটিতে প্রচলিত গ্যাস বা তেলের পরিবর্তে বর্তমানে বাস্তবায়নাধীন বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্প থেকে উত্তোলিত উন্নতমানের বিটুমিনাস কয়লা ব্যবহার করা হবে। দেশীয় কয়লা ব্যবহারের ফলে বিদ্যুৎ কেন্দ্রটি ৩০ বছর চালাতে বিদেশ থেকে কোন জ্বালানী তেল আমদানী করতে হবে না। ফলে জ্বালানী খাতে প্রায় ২০০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।
প্রকল্পটি বাস্তবায়নকালে ২ হাজার দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে এবং প্রকল্প শেষ হলে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য সরাসরি পাঁচশ’ লোকের কাজের সংস্থান হবে।
বড়পুকুরিয়া কেন্দ্রটি চালু হলে বর্তমান পূর্ব-পশ্চিম বিদ্যুৎ সংযোগ লাইনের ওপর চাপ কমবে। ফলে বিদ্যুৎ সঞ্চালন ক্ষেত্রে সিস্টেম লস উল্লেখযোগ্য পরিমানে কমবে এবং দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
