পঞ্চগড়ে নেপালের বাণিজ্যিক প্রতিনিধিদলের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
নেপাল-বাংলাদেশের মধ্যে শিল্প-কলকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা ও প্রসারের লক্ষ্যে নেপালের পাচঁ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল পঞ্চগড় সফরে এসে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন ও চেম্বার নেতৃবৃন্দের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
নেপালের মুরং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মি. কিশোর কুমার প্রধানের নেতৃত্বে পাচ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি অশোক কুমার মুরারকা, আইপিপি সুশীল কুমার ডানাওয়াট, চীপ অ্যাডভাইজার মি. মহেন্দ্র গোলচা এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান মি. মুহিদ হক।
গত ১০ মার্চ (বৃহস্পতিবার) প্রতিনিধি দলটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেন। পরে তারা জেলা মোটর মালিক সমিতি কার্যালয়ে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রফিকুল ইসলাম, পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার মিন্টুসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেপালের প্রতিনিধি দলটি পঞ্চগড় ও মুরং চেম্বারের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, বন্ধুত্ব গড়ে তোলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার মিন্টু অবিলম্বে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন সুবিধাসহ পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য স্ব-স্ব দেশের সরকারের প্রতি প্রয়োজনিয় পদক্ষেপ নেয়ার আহবান জানান ।
দু'দেশের বাণিজ্যিক লেনদেনের প্রচুর সম্ভাবনার কথা উল্লেখ করে সফরকারি বাণিজ্যিক দলটি আমদানি-রপ্তানী বাণিজ্যের সম্ভাবনাময় ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করে।
প্রতিনিধি দলটি পঞ্চগড় চেম্বার নেতৃবৃন্দকে নেপাল সফরের আমন্ত্রণ জানায়। এসময় প্রতিনিধিদলকে পঞ্চগড় চেম্বারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
