সরকার পরিচালিত ২৫টি পাটকল অলাভজনক
সরকার পরিচালিত ২৫টি পাটকল অলাভজনক অবস্থায় রয়েছে। এর মধ্যে মাত্র ৩/৪টি পাটকল ছাড়া সবকটিই পাটের অভাবে বন্ধ।
মঙ্গলবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাংসদ মিজানুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী শাহজাহান সিরাজ আরও বলেন, চলতি অর্থবছরে পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দ না পাওয়ায় পাট কেনাও সম্ভব হয়নি।
মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১১০ কোটি টাকা মূল্যের ৪০ হাজার মেট্রিক টন পাটের চাহিদা রয়েছে।
সংসদ সদস্যের এক সম্পূরক প্রশ্নে জবাবে মন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরে দেশে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ১৪ লাখ বেল পাট ক্রয়ের প্রয়োজন ছিল। কিন্তু সরকার থেকে মাত্র ৩০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ব্যাংক ঋণ ৬৮ কোটি টাকাসহ সমুদয় অর্থে মাত্র ৫০০ বেল পাট কেনা সম্ভব হয়েছে।
আওয়ামী লীগের ফারুক খানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০৩-০৪ অর্থবছরে পাট জাতীয় পণ্য রপ্তানি করে ১২৪০ কোটি ১০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে হেসিয়ান ব্যাগ ও ক্লথ, ম্যাকিং ব্যাগ ও ক্লথ, কার্পেট এবং সিবিসি ক্লথ। ২৯টি দেশে এগুলো রপ্তানি হয়।
মোজাম্মেল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে প্রতিবছর ভারত ও শ্রীলংকা বাংলাদেশ থেকে ২২ হাজার মেট্রিক টন ও ১৬০০ মেট্রিক টন পাটজাত পণ্য আমদানি করে।
সাংসদ কাজী সিরাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২৪৩ কোটি মিটার বস্ত্রের ঘাটতি রয়েছে।
পঞ্চানন বিশ্বাসের এক প্রশ্নের জবাবে শাহজাহান সিরাজ জানান, দেশের বস্ত্র শিল্পে বার্ষিক ৫১৮ কোটি মিটার বস্ত্রের চাহিদা রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত বস্ত্র দিয়ে এ চাহিদা পূরণ সম্ভব হয় না।
