২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বস্ত্র খাতে বিনিয়োগের আশ্বাস দিয়েছে তাইওয়ানি উদ্যোক্তারা

স্থানীয় বস্ত্র প্রকৌশলীদের তাইপেতে প্রশিক্ষণ দিয়ে , সাবেক আদমজী পাটকল এলাকায় নতুন শিল্প গড়ে এবং যৌথ শিল্প স্থাপন করে তাইওয়ানি উদ্যোক্তারা বাংলাদেশের বস্ত্র শিল্পে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন (বিটিএমএ) নেতৃবৃন্দের সাথে তাইওয়ানের অর্থনীতি বিষয়ক ভাইস মিনিস্টার ড. চি-মিং ইনের নেতৃত্বাধীন ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠকে তাইওয়ানি উদ্যোক্তারা এই আগ্রহ প্রকাশ করেন।

বিটিএমএ সভাপতি এমএ আউয়াল জানান, সাভার, গাজীপুর, চট্টগ্রাম ও আদমজী পাটকল এলাকা পরিদর্শনের পর  তাইওয়ানি উদ্যোক্তারা বাংলাদেশের বস্ত্র শিল্পের বিকাশে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন,‘তারা আদমজী পাটকল এলাকায় বেপজা শিল্পাঞ্চলে নতুন শিল্প স্থাপন করতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছেন । সত্যিকার বড় বিনিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা এখন সমস্যা ও সম্ভাবনাগুলো মূল্যায়ন করছি।’

যৌথ বিনিয়োগের ব্যাপারে আউয়াল বলেন, ‘তাইওয়ান কৃত্রিম সূতা, বস্ত্র ও পোশাকের  অন্যতম প্রধান উৎপাদনকারী। তারা বাংলাদেশকে উৎপাদনের একটি ঘাঁটি হিসেবে গ্রহণ করতে পারে। বাংলাদেশ পৃথিবীর ৫টি প্রধান তৈরি পোশাক রপ্তাানিকারকের একটি, যার বাৎসারক রপ্তানির পরিমাণ ৫দশমিক ৭ বিলিয়ন ডলার।’

তাইওয়ানের বিনিয়োগের ব্যাপারে আউয়াল খুব আগ্রহী। এতে নতুন কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি মনে করেন।

প্রায় ৭০০ স্পিনিং, উইভিং, ডাইং এবং ফিনিশিং পণ্য উৎপাদনকারী বস্ত্র কারখানার মালিকদের নিয়ে বিটিএমএ গঠিত।

তাইওয়ান পৃথিবীর ৭ম বৃহত্তম সরাসরি বৈদেশিক বিনিয়োগকারী।