এসি’র অপসারণের দাবিতে সিঅ্যাণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের তিন দিনের আল্টিমেটাম
হিলি স্থল কাস্টমসের সহকারী কমিশনারের (এসি) অপসারণের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। শুক্রবারের মধ্যে অপসারণ না করা হলে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।
রাজশাহী বিভাগীয় কাস্টমস কমিশনারের বরাবর প্রেরিত এক চিঠিতে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ কথা জানায়।
সিঅ্যান্ডএফ নেতারা জানান, হিলি কাস্টমসের দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী কমিশনার মো. আশরাফুল ইসলামের অপসারণের দাবিতে ইতিপূর্বে আন্দোলন চলাকালে যুগ্ম কমিশনার (রাজশাহী কাস্টমস) মো. সহিদুল ইসলাম হিলি কাস্টমসের এসিকে ২৮ ফেব্র“য়ারির মধ্যে প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি।
অন্যদিকে সিঅ্যান্ডএফ এজেন্টরা অভিযোগ করেন, ওই ঘটনার পর থেকে এসি বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রফতানিকারকদের সাথে দুর্ব্যবহার করছেন। ফলে স্থলবন্দর বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। চাল আমদানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় চালের দাম প্রতি কেজিতে ১ থেকে ২ টাকা বৃদ্ধি পেয়েছে। আমদানিকারকরা অভিযোগ করেন, আমদানির ক্ষেত্রে ১৪০ থেকে ১৬০ ডলারের এলসি’র বিপরীতে এসি ২০০ ডলারের রাজস্ব আদায় করছেন। এ কারণে চাল আমদানিতে অতিরিক্ত ব্যয় হচ্ছে। পরবর্তী সময়ে ডলার পাচারের অভিযোগে অভিযুক্ত করতেই এসি এমন ব্যবহার করছেন বলে আমদানিকারকরা অভিযোগ করেছেন।
