২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজপ্রিন্ট আমদানিতে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএসপি ও নেয়াব

সংবাদপত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে নিউজপ্রিন্ট আমদানির ক্ষেত্রে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বিএসপি সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন এবং নোয়াবের সভাপতি মাহবুবুল আলম মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে নিউজপ্রিন্টের দাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

বিৃবতিতে তারা বলেন, সার্কভুক্ত অন্যান্য দেশে প্রতি টন নিউজপ্রিন্ট আমদানির কর দুই দশমিক পাঁচ থেকে ছয় শতাংশ। কিন্তু বাংলাদেশ সরকার এ হার ২৫ শতাংশ নির্ধারণ করে দিয়েছে। এর সাথে শুল্ক, সারচার্জ বা আয়করযুক্ত হয়ে প্রতি টন নিউজপ্রিন্ট আমদানিতে খরচ হয় ৬৩ হাজার টাকা।

এদিকে স্থানীয় নিউজপেপার মিলগুলো গত ছয় মাসে দুইবার দাম বাড়িয়েছে। এর ফলে এখন প্রতি টন নিউজপ্রিন্টের দাম হয়েছে ৪৯ হাজার টাকা। জানুয়ারিতে আবার প্রতি টনে ছয় হাজার টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিকে বিএসপি ও নোয়াব সংবাদপত্রের স্বাধীনতাবিরোধী হিসেবে উল্লেখ করে নিউজপ্রিন্ট আমদানির ক্ষেত্রে কর প্রত্যাহারে দাবি জানান।