নগরীতে কর বাড়াতে চান স্থানীয় সরকার মন্ত্রী, রাজি নন মেয়র
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া মনে করেন, উন্নয়নের প্রয়োজনেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় নতুন করারোপ ও কর বৃদ্ধি করা উচিত। তার এ মতের বিপরীতে সিদ্ধান্ত নিয়েছেন মেয়র সাদেক হোসেন খোকা। তিনি নতুন করারোপ ও কর বৃদ্ধি না করেই নগরীর উন্নয়ন অব্যাহত রাখতে চান।
নগর ভবন মিলনায়তনে মঙ্গলবার ডিসিসি আয়োজিত ‘ঢাকা নগর পদক ২০০৪’ বিতরণী অনুষ্ঠানে তারা তাদের মনোভাব খোলামেলাভাবে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সাদেক হোসেন খোকা বলেন, আমি দায়িত্ব নেয়ার পর চার বছরে ডিসিসি এলাকায় কোনো নতুন করারোপ বা কর বৃদ্ধি করা হয়নি। তারপরও নগরীর উন্নয়নে অনেক কাজ করা হয়েছে।
তিনি উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, নগরীর উন্নয়ন করতে হলে নতুন করারোপ বা কর বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র দান বা অনুদানের টাকায় নগরীর উন্নয়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, ১০ বছর আগে যে বাসার ভাড়া ছিল ৫০০ টাকা, বর্তমানে তার ভাড়া হয়েছে পাঁচ হাজার টাকা। কিন্তু কর আগের সমানই রয়েছে। এতে ডিসিসি ন্যায্য কর থেকে বঞ্চিত হচ্ছে, যা নগরীর উন্নয়ন ব্যাহত করছে।
