২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাব্লিউটিও--সমঝোতায় আগামী সপ্তাহে জাতীয় কমিটি গঠন

বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লিউটিও) ভবিষ্যৎ সমঝোতার জন্যে আগামী সপ্তাহের মধ্যে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে জাতীয় কমিটি গঠন করা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবার ‘হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রিপরিষদের বৈঠক: বাংলাদেশের জন্যে শিক্ষণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং সেন্টার ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট’র (সিএফএসডি) যৌথ উদ্যোগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে মঙ্গলবার এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, হংকং বৈঠকে কৃষি ও নামা বাস্তবায়ন বিষয়ে অনেক মৌলিক সিদ্ধান্ত নেয়া হয়নি। দোহা রাউন্ড শেষ হওয়ার আগেই এসব সিদ্ধান্ত নেয়া হবে।

তারা বলেন, শুল্কমুক্ত সুবিধার কাঠামো এবং এ সুবিধা বহির্ভুত তালিকা তৈরি হয়নি বলে আগামী জেনেভা মিশন এবং ওয়াশিংটন মিশনের জন্যে কার্যকর পদেক্ষপ নেয়া উচিত।    

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-- এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. রাজ্জাক এমপি, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী তসলিম, সিপিডি’র ড. মোস্তাফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রনালয়ের ডাব্লিউটিও সেলের কর্মকর্তা শরীফা খান, উন্নয়ন অন্বেষার রাশেদ তীতুমীর, ডিসিসিআই’র শহীদুল হক, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক, এমসিসিআই সভাপতি মাহবুবুর রহমান এবং এফবিসিসিআই পরিচালক আব্দুর রউফ চৌধুরী। 

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআই--এর উপদেষ্টা এবং সাবেক বাণিজ্য সচিব সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংক চেয়ারম্যান ড. মাহবুব উল্লাহ।

মীর নাসির হোসেন বলেন, আগামী বৈঠকগুলোর প্রতি লক্ষ্য রেখে এখনই সরকারের নীতি এবং সমঝোতা প্রস্তাবগুলো  নির্ধারণ করা উচিত।

জেনেভা মিশনে দেশের কর্মকতার অভাব উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধুমাত্র ডাব্লিউটিও’র সমঝোতা জন্যে একজন কর্মকর্তা নিয়োগ করা উচিত।

স্বল্পোন্নত দেশের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে বাংলাদেশের দৃঢ় অবস্থান নেয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, অনেকগুলো উন্নত দেশ বাংলাদেশকে ১০০ ভাগ শুল্ক ও কোটামুক্ত বাজারে প্রবেশাধিকার দিচ্ছে। দৃঢ় অবস্থানের অভাবে এ ধরনের সুবিধা হ্রাস পেতে পারে।

সরকারের মধ্যে রুলস অব অরিজিনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মতদ্বৈততার উল্লেখ করে মোহাম্মদ আলী তসলিম বলেন, অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিষয়ে সরকারের নীতির ব্যাপারে আগে সিদ্ধান্ত নেয়া উচিত।

তিনি বাণিজ্য সমঝোতায় বিশ্লেষণাত্মক তথ্য উপস্থাপনসহ সমঝাতা এবং সমস্বার্থসম্পন্ন দেশগুলোর জোট গঠনে গুরুত্ব আরোপ করেন।

মোস্তাফিজুর রহমান বলেন, স্বল্পোন্নত দেশগুলোর শুল্কমুক্ত সুবিধা দেশের জন্যে অধিক কার্যকর করার বিভিন্ন ধরনের সুযোগ এখনও রয়েছে। 

হংকং বৈঠকে কৃষি ও নামা বিষয়ে বেশ কিছু মৌলিক সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি উল্লেখ করে আলমগীর ফারুক চৌধুরী বলেন, আগামী চারমাস সমঝোতার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শরীফা খান বলেন, আগামী সাতদিনের মধ্যে কৃষি ও অকৃষিজ পণ্যের বাজার প্রবেশাধিকার নিয়ে জেনেভা মিশনের জন্যে আগামী সাতদিনের মধ্যে দু’টি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে।

আনিসুল হক বলেন, বস্ত্র ও পোশাক শিল্পে দেশের প্রতিযোগিতার সক্ষমতা কম, তা বিভিন্নভাবে প্রমাণ করা সম্ভব।

তিনি বলেন, মার্কিন ট্রেড বিল ২০০৫ পাশের জন্যে আগামী জুলাই পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রচেষ্টা নেয়া প্রয়োজন।