ব্রিটিশ বাজারে বাংলাদেশী পণ্যের কদর বাড়ছে
যুক্তরাজ্যে বাংলাদেশীদের মালিকানাধীন রেস্টুরেন্টসহ খুচরা বাজারে বাংলাদেশের শাক--সবজি, হিমায়িত মাছ এবং শুকনো খাবার বিক্রির পরিমাণ বাড়তে শুরু করায় দেশটিতে বাংলাদেশী পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে। বাজার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের হাতেই ব্রিটেনে এসব পণ্য বিক্রির নিয়ন্ত্রণ সীমাবদ্ধ এবং চলতি বছরে বাংলাদেশ থেকে শাক--সবজি, বিস্কুট, চানাচুর, আচারসহ বিভিন্ন শুকনো খাবার ও শুকনো মাছের আমদানি প্রায় শতভাগ বৃদ্ধি পেয়েছে।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের বাণিজ্যিক শাখার পরিসংখ্যান থেকে জানা যায়, হিমায়িত মাছের বিক্রি পূর্ববর্তী বছরের তুলনায় চলতি অর্থবছরে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজার সূত্র জানায়, ব্রিটেনে বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য চিংড়ি রপ্তানির পরিমাণ কমছে।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সিলর শাহাবুদ্দিন পাটোয়ারী জানান, ব্রিটেনে বাংলাদেশীদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিধি বৃদ্ধির পাশাপাশি দেশটিতে শাক--সবজি, হিমায়িত মাছ, চিংড়ি এবং শুকনো খাবারসহ বিভিন্ন বাংলাদেশী খাদ্য পণ্যের চাহিদা ও পরিধি বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ হাইকমিশনারের বাণিজ্যিক শাখার পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৪--২০০৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ব্রিটেনে শাক--সবজি রপ্তানির পরিমাণ গত অর্থবছরের তুলনায় শতভাগ বৃদ্ধি পায়। ২০০৪--২০০৫ অর্থবছরে রপ্তানিকৃত শাক--সবজির মূল্য ছিল ১৯ মিলিয়ন মার্কিন ডলার। অথচ ২০০৩--২০০৪ অর্থবছরে শাক--সবজি রপ্তানি করে আয় হয়েছিল ৯ দশমিক ৫ মিলিয়ন ডলার।
ব্রিটিশ সরকারের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৫ সালের সেপ্টেম্বর---নভেম্বর সময়ে ব্রিটেনে বাংলাদেশী পণ্যের খুচরা বিক্রি পূর্ববর্তী তিনমাসের তুলনায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৪ সালের একই সময়ে বিক্রি বৃদ্ধির হার ছিল প্রায় দশমিক আট ভাগ।
ইউরো ফুড, সী মার্ক এবং বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারি ব্রিটেনে বাংলাদেশী হিমায়িত মাছ, শাক--সবজি, চিংড়ি এবং শুকনো খাবার রপ্তানি করে থাকে।
এ সম্পর্কে শাহাবুদ্দিন পাটোয়ারি বলেন, সম্প্রতি এসব কোম্পানি স্থানীয় বাজারে তাদের পণ্যের সরবরাহ বৃদ্ধি করেছে।
আমদানিকারক ও ব্রিটেনে বাংলাদেশী মালিকানাধীন অন্যতম খুচরা পণ্যের দোকান কুশিয়ারা ক্যাশ অ্যান্ড ক্যারির মালিক ফারুক মিয়া বলেন, আমাদের নির্ধারিত গ্রাহকদের মধ্যে মাছের চাহিদা গ্রাহকভেদে অর্থমূল্যে চার থেকে ১০ পাউন্ড বৃদ্ধি পেয়েছে।
ফারুক মিয়া প্রতি বছর ব্রিটেনে ৭৫০,০০০ পাউন্ডের বাংলাদেশী শুকনো খাবার ও মাছ আমদানি করে থাকেন।
ক্যাশ অ্যান্ড ক্যারি নামের খুচরা পণ্যের দোকানগুলো পাকিস্তানি ও তুর্কিদের বেশি নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশীদের প্রাধান্য বাড়তে শুরু করেছে।
ডিপার্টমেন্টাল স্টোরের মতই এসব দোকানে চাল, ডাল, শাক--সবজি, চিংড়ি এবং হিমায়িত মাছের মত নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য বিক্রি করা হয়।
ব্রিটেনে বাংলাদেশীদের মালিকানাধীন ১২,০০০ রেস্টুরেন্ট থাকার বিষয়টি ব্রিটিশ বাজারে বাংলাদেশী পণ্য বিক্রি ও এসবের ব্যাপকতা বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।
এ ব্যাপারে দক্ষিণ--পূর্ব লন্ডনের বাটলার্স হোয়ার্ফের ব্যস্ততম রেস্টুরেন্ট বেঙ্গল ক্লিপারের কর্তব্যরত একজন ম্যানেজার বলেন, ছয় মাস আগে থেকেই আমাদের রেস্টুরেন্টে বাংলাদেশী শাক--সবজি কেনার পরিমাণ বৃদ্ধি করেছি।
