২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পমূল্যে গ্যাস সরবরাহের শর্ত: টাটার বিনিয়োগের ৭ গুণ লোকসান হবে বাংলাদেশের

স্বল্পমূল্যে গ্যাস সরবরাহের শর্তে টাটা আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছে তা মেনে নিলে বিনিয়োগকৃত অর্থের চেয়ে সাত গুণ বেশি অর্থ লোকসান হবে বাংলাদেশের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

জাতীয় প্রেসক্লাবে শুক্রবার সমাজ রূপান্তর উন্নয়ন কেন্দ্র আয়োজিত ‘টাটার বিনিয়োগ প্রস্তাব এবং বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত বলেন, গ্যাসের দাম যদি স্থানীয় দামের চেয়ে কম ধরা হয়, তাহলে এমনটি হওয়ার সম্ভাবনা যথেষ্ট। এমনকি ক্ষতির পরিমাণ আরও বেশিও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, টাটার মতো যে কোনও বৈদেশিক বিনিয়োগ যদি আমাদের দেশের অর্থনীতির প্রতিবন্ধকরূপে আবির্ভূত হয় তবে এমন প্রস্তাব সব সময় সানন্দে গ্রহণ না করাই উচিত।

দেশে ইস্পাত ও সার কারখানা প্রতিষ্ঠায় টাটার বিনিয়োগের ব্যাপারে বাংলাদেশ ইস্পাত শিল্প মালিক সমিতির সভাপতি বদিউল আলম বলেন, স্থানীয় ৪০০ ইস্পাত শিল্প কারখানা দেশে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করলেও তাদেরকে উপেক্ষা করে সরকার একটি বিদেশি কোম্পানিকে সুবিধা দিতে যাচ্ছে।

তিনি বলেন, সরকার একদিকে চট্টগ্রাম ও গাজীপুরের ইস্পাত কারখানা বন্ধ করে দিয়েছে, আবার অন্যদিকে ইস্পাত তৈরিতে বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানাচ্ছে। এটি সরকারের স্ববিরোধী উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক আবুল বারাকাত বলেন, টাটাকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হবে তা পাইপলাইনের মাধ্যমে ইউনিকল গ্যাস রপ্তানির যে প্রস্তাব দিয়েছে তারও দ্বিগুণ। তাই কোনও কোনও ক্ষেত্রে গ্যাস আমদানি করাই শ্রেয় বলে তিনি উল্লেখ করেন।

প্রকৌশলী এনামুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে প্রকৌশলী শেখ মোহাম্মদ শাহিদউদ্দিন, পিডিবির সাবেক পরিচালক নুরুউদ্দিন মাহমুদ কামাল, অধ্যাপক আবু আহম্মেদ, অধ্যাপক আনু মুহাম্মদ ও সেলিমুল্লাহ খান আলোচনায় অংশ নেন।