পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ১০০ কোটি টাকার যন্ত্রাংশ ক্রয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ
মন্ত্রী পরিষদ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ১০০ কোটি টাকার বৈদ্যুতিক যন্ত্রাংশ ক্রয়ের অনুমোদন দিয়েছে। সহজ শর্তে প্রাপ্ত কোরিয়ান ঋণে বিদ্যুতায়ন বোর্ডের সরবরাহ লাইন সম্প্রসারণের জন্য এ সকল যন্ত্রাংশ ক্রয় করা হবে।
মন্ত্রী পরিষদের ক্রয় সংক্রান্ত কমিটির বৃহস্পতিবারের বৈঠকে ১৭২ কোটি টাকার অন্য পাঁচাটি প্রকল্পের সাথে এ ক্রয় পরিকল্পনাটির অনুমোদন দেয়া হয়। মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। এসময় সিনিয়র মন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মসূচী ও পরিকল্পনা বিভাগের পরিচালক নাজমুল হোসেন জানান, এই ক্রয় তালিকায় ট্রান্সফরমার থেকে শুরু করে কাটআউট পর্যন্ত রয়েছে। তিনি আরো জানান, কোরিয়া সরবরাহ লাইন সম্প্রসারণের জন্য সহজ শর্তে ২০ মিলিয়ন ডলারের এ ঋণ দিয়েছে।
এছাড়াও বৈঠকে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের আধুনিকায়নে ১০ কোটি টাকার একটি প্রকল্পসহ অনান্য মোট ১৭২ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
