ফ্রেইট ফরোয়ার্ড সেবার আচরণ বিধি নিয়ে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রাণালয় বৈঠকে আলোচনা হবে
শিপিং এজেন্সি এবং ফ্রেইট ফরোয়ার্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আচরণ বিধি প্রণয়নে বৃহস্পতিবার আন্তঃ- মন্ত্রানলয় বৈঠকে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্থ, বাণিজ্য, নৌপরিবহন মন্ত্রাণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বৃহস্পতিবার যৌথভাবে শিপিং এজেন্সি এবং ফ্রেইট ফরোয়ার্ড সার্ভিসেস প্রতিষ্ঠানগুলোর জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে আলোচনায় বসবেন। মুদ্রা পাচার ঠেকাতে এ নীতিমালা সহায়ক হবে বলে জানানো হয়।
ঐ সকল প্রতিষ্ঠানের অভিযোগ, তাদের লাইসেন্স না থাকাতে সঠিকভাবে ব্যাবসা পরিচালনা করা সম্ভব হয়না। এতকিছুর পরও সরকার তাদের লাইসেন্স প্রদান করেনা।
জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র জানায়, ২০০০ সালে লাইসেন্সের ইস্যুটি উপস্থাপিত হয়েছিল কিন্তু তা গৃহিত হয়নি। সম্প্রতি এক বৈঠকে বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক শিপিং এজেন্সি এবং ফ্রেইট ফরোয়ার্ড সার্ভিসেস প্রতিষ্ঠানগুলো এ দাবী উপস্থাপন করে।
ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা চেম্বারস অফ কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার এ্যান্ড এক্সপোর্ট এ্যাসোসিয়েশন(বিজিএমইএ), মেট্রোপলিটন চেম্বারস অফ কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এমসিসিআই) সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের নিকট পৃথক পৃথক আবেদনে এ সকল এজেন্সিগুলোর জন্য নতুন আচরণবিধি প্রণয়নের দাবি জানায়।
