২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানি লন্ডারিং প্রতিরোধ: সন্দেহজনক ও নগন লেনদেনের বিবরণী জমা দিতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

মানি লন্ডারিং প্রতিরোধ এবং অবৈধ লেনদেন বন্ধের লক্ষ্যে সন্দেহজনক ও নগদ লেনদেনের বিবরণী জমা দিতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

মানি লন্ডারিং নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন ব্যাংকের সেন্টার কমপ্লায়েন্স ইউনিটের প্রধানদের সাথে বৈঠক শেষে বুধবার বিডিনিউজকে বলেন, আমরা ব্যাংকগুলোর সেন্টার কমপ্লায়েন্স ইউনিটকে সন্দেহজনক ও নগদ লেনদেনের বিবরণী সময়মতো নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে নিজেদের রক্ষার ব্যাপারে আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশ মেনে চলার মাধ্যমে ব্যাংকগুলো শুধু নিজেদের নয়, তাদের গ্রাহকদেরও ঝামেলামুক্ত রাখতে পারে।

গত দু’মাসে বাংলাদেশ ব্যাংকের কাছে সন্দেহজনক লেনদেন সংক্রান্ত মাত্র ১২টি রিপোর্ট জমা পড়ে। ব্যাংকগুলোর এ ধরনের গাফিলতির কারণেই বাংলাদেশ ব্যাংক এরকম আদেশ জারি করল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

জুলাই ২০০২ থেকে এ পর্যন্ত ১৭৬টি সন্দেহজনক লেনদেন সংক্রান্ত রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের কাছে জমা পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন সংস্থা ইতোমধ্যে ৮০টি রিপোর্টের তদন্ত সম্পন্ন করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে পাঁচ লাখ বা তার বেশি নগদ লেনদেন সংক্রান্ত রিপোর্ট প্রদানের ব্যাপারেও আদেশ জারি করেছে। কোনও হিসাবে এক দিনে পাঁচ লাখের সমপরিমাণ বা তার বেশি জমা পড়লেও ব্যাংকগুলোকে সে ব্যাপারে রিপোর্ট করতে হবে।

বাংলাদেশ ব্যাংক রিপোর্টগুলো ডিস্ক ও প্রিন্ট উভয়ভাবে চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিমাসের নগদ লেনদেনের রিপোর্ট পরের মাসের ২১ দিনের মধ্যেই জমা দিতে হবে। জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হতে যাচ্ছে। এতে আগামী ১ জানুয়ারিতে সন্দেহজন এবং নগদ লেনদেনের রিপোর্ট ফেব্র“য়ারির নির্ধারিত তারিখে প্রদান করতে হবে।

এ নির্দেশের ব্যতিক্রম হলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ এর আওতায় ব্যবস্থা নেয়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়।