উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে উচ্চমূল্য শস্য
উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে উচ্চমূল্য শস্য উৎপাদন কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এ ফসল উৎপাদনের মাধ্যমে তারা আরো অধিকহারে লাভবান হচ্ছে।
রাজশাহী বিভাগের ১৬ জেলার ৬১টি থানায় উচ্চমূল্যের ফসলের উৎপাদন ব্যাপকহারে বাড়ছে। এসব ফসলের মধ্যে রয়েছে কলা, বেগুন, ফুলকপি, গোলআলু, আদা, হলুদ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, আপেল, কুল ও রসুন।
বর্তমানে নারীসহ এক লাখ ৫৫ হাজার ৯৩০ জন কৃষক উচ্চমূল্যের এসব ফসলের চাষ করছে। তারা উত্তর পশ্চিমাঞ্চলীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় ফসল উৎপাদনের আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে।
২০০১ সালের জানুয়ারিতে ক্ষুদ্র কৃষকদের ঋণদান, প্রশিক্ষণ ও বিপণন সহায়তার মাধ্যমে উদ্যাননির্ভর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ৩৪১ কোটি ৯০ লাখ টাকার এ প্রকল্প হাতে নেয়।
বগুড়ার শেরপুর থানার ভিমজানি গ্রামের কৃষক আলো রানী বলেন, মাত্র আট শতাংশ জমিতে তিন হাজার টাকা খরচ করে ১০ হাজার টাকা আয় করেছি।
শস্য বহুমুখীকরণ প্রকল্পের অধীনে প্রশিক্ষণ নেয়ার ফলেই তা সম্ভব হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, পরিবহন ব্যবস্থা ও যোগাযোগের অসুবিধার কারণে আমাদের ফসল বিক্রি করতে অসুবিধা হচ্ছে।
নাটোরের ক্ষুদ্র কৃষক নূরুল ইসলাম জানান, উচ্চমূল্যের ফসল উৎপাদনের বিষয়টি জানার পর তার কলা, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রসুনের উৎপাদন আগের চেয়ে বেড়েছে।
অপর এক কৃষক রমজান আলী, প্রচলিত ফসলের চেয়ে উচ্চমূল্যের ফসলের উৎপাদন তাড়াতাড়ি হয়।
শস্য বহুমুখীকরণ প্রকল্পের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন জুলিয়া। তিনি বলেন, আমরা ফসলের বীজ কিনতে জানি, কিন্তু কীভাবে বীজ সংরক্ষণ করতে হয়, কখন বীজ বুনতে হয়, সারের পরিমাণ কী হবে, তা জানি না। প্রশিক্ষণের মাধ্যমে আমরা এসব জানতে পারব।
পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষক ময়েজউদ্দিন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের মাধ্যমে লাভবান হয়েছেন। এবার তিনি পাঁচ দশমিক ছয় হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করছেন। তিনি বলেন, এ পেঁয়াজ চাষ করে হেক্টর প্রতি আমার আয় হয় ১ লাখ ২৫ হাজার টাকা।
