নিট সুতা আমদনির জন্যে বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়া হয়েছে
নিট সুতা আমদনির জন্যে বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
বোর্ড জানায়, নিট পোশাক রপ্তানির স্বার্থে বেনাপোল স্থল শুল্ক স্টেশন দিয়ে শুল্ক বন্ড লাইসেন্সপ্রাপ্ত শতভাগ রপ্তানিমুখী নিট পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহকে তাদের প্রাপ্যতার ভিত্তিতে নিট সুতা আমদানির জন্য উন্মুক্ত করা হয়েছে। এ সুবিধা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এর ফলে গত ৯ মার্চ ২০০২ সালে বোর্ডের নিট আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
২০০২ সালের ৯ মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে নিট ও ওভেন সুতা আমদনি নিষিদ্ধ করা হয়। যদিও প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার দ্বিতীয় বাংলাদেশ নিট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অবিলম্বে নিট সুতা আমদানির জন্যে বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
