বিশ্বব্যাংকের সাথে ২০ কোটি ডলারের ঋণছাড় চুক্তি স্বাক্ষরিত
দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে প্রস্তাবিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে উন্নয়ন সহায়ক ঋণ হিসেবে ২০ কোটি মার্কিন ডলার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে ঋণ ছাড় করার ব্যাপারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে সংস্কার প্রস্তাবে ক্ষুদ্র অর্থনীতির স্থিতিশীলতা, দরিদ্র্য মানুষের অনুকূল প্রবৃদ্ধি, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য নিরাপত্তা জাল, দরিদ্র মানুষের মানবিক উন্নয়ন, সুশাসন, মৌলিক সেবা খাতগুলোর সেবার মান উন্নয়ন, পরিবেশগত উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বিশ্বব্যাংক এ নিয়ে তৃতীয়বারের মতো এ ধরনের ঋণ দিচ্ছে। এর আগে ২০০৩ সালে ডিএসসি-১ এর অধীনে ৩০ কোটি ডলার এবং ২০০৪ সালে ডিএসসি-২ এর অধীনে ২০ কোটি ডলার প্রদান করে।
ডিএসসি-৩ (উন্নয়ন সহায়ক ঋণ- ৩) আইডিএ (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের) পরিকল্পনার তৃতীয় পর্যায়। আইডিএ এক শতাংশের চারভাগের তিনভাগ হারে সার্ভিস চার্জের বিনিময়ে ১০ বছরের বর্ধিত সময়সহ মোট ৫০ বছরে পরিশোধযোগ্য এ ঋণ প্রদান করছে।
ইআরডি’র এক হ্যান্ডআউটে এ ব্যাপারে বলা হয়, মাঝারি পর্যায়ের সংস্কার কাঠামো পরিচালনায় সমর্থন দেওয়ার বিষয়টি আইডিএ’র বার্ষিক বাজেটভুক্ত। পাশাপাশি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আইএমএফ’র (আন্তর্জাতিক অর্থ তহবিল) সমর্থনপুষ্ট পিআরজিএফ’র (দারিদ্র্য বিমোচন নির্ভর প্রবৃদ্ধি সুবিধা) সমর্থন রয়েছে।
বিশ্বব্যাংক জানায়, প্রবৃদ্ধি উন্নয়নের ক্ষেত্রে গত কয়েক বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং উপর্যুপরি প্রাকৃতিক দুর্যোগ ও তেলের উচ্চমূল্যের অপপ্রভাব সত্ত্বেও বাংলাদেশ দারিদ্র্য কমিয়ে আনতে সক্ষম হয়েছে।
বিশ্বব্যাংক আরও জানায়, বাংলাদেশের সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। দারিদ্র্য দূরীকরণ ত্বরান্বিত করতে সরকারকে সক্ষম করে তোলায় ডিসিসি-৩ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
