সুতা আমদানিতে বেনাপোল বন্দর খুলে দেওয়ার ঘোষণায় সিদ্ধান্ত নিতে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বিটিএমএ
নিট সুতা আমদনির জন্যে স্থলবন্দর খুলে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকর করার আগে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বিটিএমএ।
বিটিএমএ নেতাদের প্রস্তাব অনুযায়ী মাহমুদুর রহমানের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন-- এফবিসিসিআই, বিটিএমএ, বিজিএমইএ ও বিকেএমইএ--এই চার সংগঠনের সভাপতি।
বিটিএমএ সভাপতি এমএ আওয়াল বৃহস্পতিবার সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন। এসময় উপস্থিত ছিলেন বিটিএমএ সহসভাপতি জাহাঙ্গীর আলামিন, এমএ হাসেম এমপি, জামালউদ্দিন আহমেদ, দিদার হোসেন এবং সৈয়দ মঞ্জুরুল হক।
বিটিএমএ সভাপতি এমএ আওয়াল বলেন, সরকার কেন বেনাপোল বন্দর খুলে দেবে, তা ব্যাখ্যা করেনি। বরং স্থলবন্দর খুলে দিলে চোরাচালানের কারণে প্রাইমারি টেক্সটাইলে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির সম্মুখীন হবে।
প্রধাণমন্ত্রী বেনাপোল বন্দর খুলে দেওয়ার ঘোষণার আগে বিটিএমএ’র সঙ্গে কোনও আলোচনা করেননি-- একথা উল্লেখ করে তিনি বলেন, শুধু কোনও বক্তব্যের ভিত্তিতে এবং তথ্য সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করে সুতা আমদানির জন্যে স্থলবন্দর বন্ধের ঐতিহাসিক সিদ্ধান্ত বাতিল করা সমীচীন হবে না এবং এজন্যেই প্রধাণমন্ত্রীর আওতাধীন বিনিয়োগ বোর্ডের নেতৃত্বে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার জন্যে সকলের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব করেছি।
বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের নাম উল্লেখ না করে আওয়াল বলেন, দেশী--বিদেশী গোষ্ঠী বা মহল, পরামর্শ বা চাপে প্রাইমারি টেক্সটাইল সেক্টর তথা স্পিনিং উপখাত সম্পর্কে অবগত না হয়ে বা তথ্য সংগ্রহ না করে এরূপ একটি স্পর্শকাতর ঘোষণা প্রদান নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যাণিজ্যিকভাবে সুতা আমদানিতে ৩২ শতাংশ কর দিতে হয়-- উল্লেখ করে বিটিএমএ নেতৃবৃন্দ বলেন, বেনাপোলের অবকাঠামোগত অপ্রতুলতার সুযোগে বৈধভাবে আনা এক ট্রাকের স্থলে ৮/১০ ট্রাক সুতা অনুপ্রবেশ করবে।
নিট সুতা চাহিদার ৮৫ শতাংশ সরবরাহে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য বন্দর খোলা থাকার পর মাত্র ১৫ শতাংশ সুতার জন্যে বেনাপোল বন্দর খোলার প্রয়োজন কেন।
নিট ও ওভেন সুতা এবং ফ্যাব্রিক উৎপাদনের জন্যে নতুন নতুন মিল স্থাপন এবং উৎপাদনকারী মিলের সম্প্রসারণে আরো কয়েক শ’ কোটি টাকার বাস্তবায়নধীন প্রকল্পের কথা উল্লেখ করে বিটিএমএ নেতৃবৃন্দ বলেন, আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে বছরে তিনমাসের উচ্চ সরবারহের যে সমস্যার রয়েছে, তার সমাধান হবে।
এশিয়ায় সুতা উৎপাদনে চীনের পর ভারতই সর্বোচ্চ সুবিধা দেয় এবং ভারতীয় সরকারের বিভিন্ন সহায়তার উল্লেখ করে বিটিএমএ নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতেও ভারত এত স্বল্প দামে সুতা বিক্রি করবে, তার নিশ্চিয়তা বিকেএমইএ নেতৃবৃন্দ দেবেন।
এদিকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বুধবার এ বিষয়ে সরকারি প্রতিনিধি ও এসবিসিসিআইসহ সংশ্লিষ্ট বেসরকারি খাতের প্রতিনিধি সমন্বয়ে এ কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছে।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, এটি কোনও তাৎক্ষনিক সিদ্ধান্ত নয়। গত তিন বছর ধরে বিকেএমইএ ও বিজিএমইএ বারবার সুতা আমদনির জন্যে বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়ার দাবির প্রেক্ষিতে প্রধাণমন্ত্রী ও অর্থমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।
বিটিএমএ’র প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, এ ধরনের প্রস্তাব প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অসম্মান করার সামিল।
তবে চোরাচালান তদন্তে এ ধরনের কমিটি কার্যকর করা হলে তিনি স্বাগত জানাবেন বলে উল্লেখ করেন।
২০০২ সালের ৯ মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে নিট ও ওভেন সুতা আমদনি নিষিদ্ধ করা হয়। যদিও প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার দ্বিতীয় বাংলাদেশ নিট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অবিলম্বে নিট সুতা আমদানির জন্যে বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
