২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র বিমোচন কৌশল বাস্তবায়ন মনিটরিং করতে সরকার কাঠামো প্রস্তুত করছে

দারিদ্র বিমোচন কৌশল (পিআরএস) বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য সরকার একটি কাঠামো প্রস্তুত করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) প্রস্তুতি দলের সদস্য হোসেন জিল্লুর রহমান বুধবার বিডিনিউজকে বলেন, অনুমোদনের জন্য কাঠামোটি স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হবে।

পিআরএস বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি কাঠামো প্রণয়ন করার জন্য দাতাগোষ্ঠী, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা বুধবার এনইসি অডিটরিয়ামে একটি বৈঠক করেন।

পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনোমিক ডিভিশনের (জিইডি) সদস্য কাজী মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

হোসেন জিল্লুর রহমান বলেন, পিআরএস বাস্তবায়ন ও চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, স্টিয়ারিং কমিটি পিআরএস’র সার্বিক বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে এবং পরিকল্পনা কমিশনের জিইডি স্টিয়ারিং কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, স্টিয়ারিং কমিটি ও পিআরএস বাস্তবায়ন ফোরামের বৈঠকের জন্য জিইডি জাতীয় অগ্রগতির প্রতিবেদন প্রস্তুত করবে।

হোসেন জিল্লুর বলেন, পিআরএস’র বাস্তবায়ন ভালভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার জন্য পরিকল্পনা কমিশন, মন্ত্রণালয় ও সংস্থা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, উন্নয়ন অংশীদার, বেসরকারি সংস্থা (এনজিও), স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম সরকারকে সহযোগিতা করবে।