কর্তব্য পালনে ব্যর্থ অথবা অবহেলাকারী কর কর্মকর্তাদের শাস্তি ভোগ করতে হবে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার সতর্ক করে দিয়ে বলেছেন, আয়কর কর্মকর্তাদের ব্যর্থতা ও কর্তব্য পালনে অবহেলার কারণে রাজস্ব আয় বৃদ্ধি না পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
চলতি বছরের জুলাই-- অক্টোবর সময়ে অর্জিত অগ্রগতি বিষয়ে আয়কর কর্মকর্তাদের সাথে বুধবার বৈঠক করার পর অর্থমন্ত্রী সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যর্থতা ও কর্তব্য পালনে অবহেলার জন্য আয়কর কর্মকর্তাদের দায়িত্ব নিতে হবে।
আয়কর বিভাগের সার্বিক অর্জন পর্যালোচনা করতে চলতি ২০০৫-- ২০০৬ অর্থ বছরে এই প্রথমবারের মত বৈঠকটি আয়োজন করা হল।
অন্যান্যদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান খাইরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এনবিআর সূত্র জানায়, আয়কর বিভাগকে চলতি অর্থ বছরে ৬৯ দশমিক ছয় বিলিয়ন টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছে। জুলাই-নভেম্বর সময়ে তারা ১ হাজার ৮শ’ ৫৮ কোটি টাকা সংগ্রহ করতে সমর্থ হয়। প্রথম পাঁচ মাসে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছিল তার চেয়ে তারা ১ হাজার ৪১ কোটি টাকা কম সংগ্রহ করেছে।
সাইফুর রহমান বলেন, যদিও গত বছরের এই সময়ের তুলনায় জুলাই-অক্টোবর সময়ে আয়কর ২১ শতাংশ বেশি আদায় হয়েছে, তারপরও এটি দেশের জন্য যথেষ্ট নয়।
অর্থমন্ত্রী বলেন, এনবিআর কর্মকর্তাদের সাথে যোগসাজশে অনেক করদাতা কম আয়কর রিটার্ন প্রদান করেছেন।
মন্ত্রী আরও বলেন, অতিরিক্ত খবরদারির নামে রাজস্ব সংগ্রাহকরা অনেক সময় করদাতাদের হয়রানি করে থাকেন।
তিনি বলেন, কর্মকর্তাদের অতিরিক্ত খবরদারি কিংবা কর্তব্যে অবহেলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। রাষ্ট্র তাদের যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আয়কর কর্মকর্তারা দায়বদ্ধ থাকবেন।
সাইফুর রহমান বলেন, অভ্যন্তরীণ উৎস থেকে আয়কর আদায় বৃদ্ধি না পেলে আত্মনির্ভরশীল হওয়ার কোন সুযোগ নেই। দাতাগোষ্ঠীর শর্ত উপেক্ষা করতে চাইলে আমাদের অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের পরিমান বাড়াতে হবে।
তিনি বলেন, আত্ম-অর্থায়ন একটি দেশের সার্বভৌমত্বের জন্য ভিত্তিস্বরূপ।
তিনি আরও বলেন, আমি কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছি। তন্মধ্যে করদাতাদের সাথে আলোচনা মাধ্যমে বিবাদের মীমাংসার কথা আমি বলেছি।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই করদাতাদের সাথে সমঝোতার মাধ্যমে কর সংগ্রহ করা হয়।
রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাষ্ট্র-পরিচালিত জাতীয় রাজস্ব বোর্ডের নৈপূণ্য বৃদ্ধি করার কথা অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান।
যোগ্য ব্যক্তির অভাবে ন্যায়পাল নিয়োগ দিতে বিলম্ব হচ্ছে কি না এমন এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান সাংবাদিকদের জানান, দুর্নীতি দমন কমিশনের (এসিসি) মত কর ন্যায়পালের কার্যালয়কে আমি ছোট একটি কার্যালয়ে পরিণত করতে চাই না।
