চলতি অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন সাইফুর রহমান
অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে চলতি অর্থবছরে জিডিপির হার ৭ শতাংশে পৌঁছবে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।
মঙ্গলবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) উপ মহাপরিচালক জন সামির সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
বাংলাদেশ ইতোমধ্যেই পূর্ণ কর্মসংস্থানের লক্ষ্য অর্জন করেছে বলে তিনি দাবি করেন। তিনি সাংবাদিকদের বলেন, গ্রামে গিয়ে আপনি দেখবেন একজনও বেকার নেই। বর্তমানে গ্রামের মানুষ কাজের লোক পায় না বলে তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রী দেশের উত্তরাঞ্চলে মঙ্গার উপস্থিতি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির কথা অস্বীকার করেন।
সাইফুর রহমান বলেন, রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণে হাজার হাজার লোক কাজ করছে। এছাড়াও গ্রামাঞ্চলের ৪৫ শতাংশ লোককে সরকারের বিভিন্ন নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, টেক্সটাইল ও পাটসহ অন্যান্য পণ্য সামগ্রী রপ্তানির হার বেড়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পক্ষে সর্বশেষ তথ্য সংগ্রহ করে জিডিপি’র সত্যিকার হার নির্ধারণ করা সম্ভব নয়। তাই পরিসংখ্যান ব্যুরোর সক্ষমতা বৃদ্ধির জন্যে আমি বিশ্বব্যাংককে সহায়তা করার আহ্বান জানিয়েছি।
নিয়মতান্ত্রিকভাবে প্রবৃদ্ধি নির্ধারণ করা হলে জিডিপির হার প্রায় ৭ এর কাছাকাছি হবে বলে তিনি উল্লেখ করেন।
